চুয়াডাঙ্গায় ছাত্রলীগকর্মী খুন, প্রতিবাদে ভাঙচুর-আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ছাত্রলীগকর্মী টুটুল হোসেন (২০) আজ মঙ্গলবার ভোরে মারা গেছেন। এর প্রতিবাদে শহরে তাঁর লাশ নিয়ে মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা শহরে বিএনপির কার্যালয়, বিএনপি নেতার বাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালান ও আগুন ধরিয়ে দেন।নিহত টুটুল শহরের ইমার্জেন্সি সড়কের আমজাদ হোসেনের ছেলে ও চুয়াডাঙ্গা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র।জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন এ ঘটনায় ছাত্রদলের কর্মীদের দায়ী করেছেন। তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ-উর-জামান এই অভিযোগ অস্বীকার করেন।টুটুলের ওপর হামলার সময় তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগের কর্মী আবিদ শাহরিয়ার ঘটনা সম্পর্কে প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ছাত্রলীগের আটজন কর্মী মোটরসাইকেলে করে শহরের মহিলা কলেজপাড়ায় যান। এ সময় একদল দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। টুটুল হোসেন (২০) ও রানা হোসেন (২১) মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁদের কুপিয়ে জখম করে। এই দুজনের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। অন্য ছয়জন পালিয়ে আত্মরক্ষা করেন। স্থানীয় লোকজন জানান, আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে চিকিত্সকেরা টুটুলকে ঢাকায় পাঠান। পথে তাঁর মৃত্যু হয়। টুটুলের লাশ চুয়াডাঙ্গার বাড়িতে নেওয়া হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে ভিড় জমান। পরে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর বেলা সাড়ে ১১টার দিকে টুটুলের লাশ দলীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে বিক্ষোভ সমাবেশের পর লাশ নিয়ে শহরে মিছিল বের করেন নেতা-কর্মীরা। এ সময় তাঁরা জেলা বিএনপির কার্যালয় ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। আশপাশের অনেক দোকানও ভাঙচুর করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।