চুয়াডাঙ্গায় দুই যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রাম থেকে গতকাল শনিবার রাতে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকেরা হলেন একই উপজেলার তিওরবিলা গ্রামের আমিরুল ইসলাম (৩৫) ও তরিকুল ইসলাম (৩২)। তাঁরা সাভারের নবীনগরে মোজাইকের কাজ করতেন।পুলিশ দাবি করেছে, নিহত দুজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গ্রামবাসীর পিটুনিতে তাঁরা নিহত হয়েছেন। তবে গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না।অন্যদিকে নিহত দুজনের পরিবার থেকে দাবি করা হয়, র্যাব পরিচয় দিয়ে গত বুধবার নবীনগর থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়। এরপর তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, কাল রাত ১০টার দিকে ১০-১১ জন চাঁদাবাজ বলেশ্বরপুর গ্রামের একটি ভুট্টাখেতে বসে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে সেখানে আক্রমণ চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আমিরুল ও তরিকুল গণপিটুনিতে নিহত হয়। তাঁদের নামে থানায় একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলা রয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) অচিন্ত্য কুমার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।এদিকে নিহত আমিরুলের চাচা জানার উদ্দিন ও তরিকুলের দাদা নায়েব আলী দাবি করেন, ওই দুজন সাভারের নবীনগরে প্রায় পাঁচ বছর ধরে মোজাইক মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। গত বুধবার রাত ১০টার দিকে র্যাব পরিচয়ের লোকজন তাঁদের নবীনগর থেকে গ্রেপ্তার করে। এ খবর জানার পর পরিবারের সদস্যরা চারদিন ধরে বিভিন্ন জায়গায় তাঁদের খোঁজ করছিলেন। শেষ পর্যন্ত গতকাল রাতে বলেশ্বরপুর গ্রাম থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের অতিরিক্ত দায়িত্বে থাকা ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন আশরাফুল ইসলাম জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের কাছে প্রথম শুনলেন। র্যাব এ ঘটনায় জড়িত নয় বলে তিনি দাবি করেন।