চুয়াডাঙ্গায় দুজনকে হত্যা
চুয়াডাঙ্গায় গতকাল শনিবার রাতে পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ আজ রোববার সকালে লাশ দুটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের একজন দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের আবদুল খালেকের ছেলে কৃষক রুবেল হোসেন (১৮)। জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ির আখখেত থেকে উদ্ধার করা অপর লাশটির পরিচয় পাওয়া যায়নি।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী প্রথম আলোকে বলেন, রুবেলকে একদল দুর্বৃত্ত বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের মাঠপাড়া এলাকায় পিটিয়ে ও জবাই করে হত্যা করে। জীবননগর থানার ওসি আবদুর রকিব খান বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলার উথলী মোল্লাবাড়ির একটি আখখেত থেকে একজনের লাশ উদ্ধার করে। তবে তাঁর পরিচয় জানা যায়নি। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।