চুয়াডাঙ্গায় র‌্যাব-পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব ও পুলিশ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সদর ও দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। র‌্যাব-৬ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক এএসপি রেজাউল করিম জানান, গতকাল রাত নয়টার দিকে সদর উপজেলার আলোকদিয়া বাজার থেকে দুজন সন্দেহভাজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—সদর উপজেলা খেজুর গ্রামের জয়নাল আবেদীন (৪৫) ও দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের আবুল কাশেম (৪৮)। আটকের পর তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি শাটারগান, রাইফেলের একটি গুলি, একটি শাবল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়। একই দিন দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে শাহাবুল হোসেন (২৫) নামের একজনকে আটক করেন। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে একটি শাটারগান ও রাইফেলের তিনটি গুলি উদ্ধার করা হয়। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বিষয়টি নিশ্চিত করে জানান, শাহাবুল আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।