চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা
চুয়াডাঙ্গায় আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তা হলো, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের দাবি, চলতি মৌসুমে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি দাবি করেন, চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২৪ ডিসেম্বর ১১ দশমিক ৪, ২৫ ডিসেম্বর ১১, ২৬ ডিসেম্বর ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় অর্ধেকে নেমে যাওয়ার কারণে শীতের তীব্রতাও বেড়ে গেছে। চুয়াডাঙ্গায় আজ কনকনে ঠান্ডা ও তীব্র শীত। জেলায় শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান বলেন, গত এক সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত দুই শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এসব শিশুর বেশির ভাগই রোটা ভাইরাস ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। হূদরোগ বিশেষজ্ঞ পরিতোষ কুমার ঘোষ বলেন, শীত বেড়ে যাওয়ায় হূদরোগ ও শ্বাসজনিত সমস্যা বেড়েছে। জেলার সিভিল সার্জন খোন্দকার মিজানুর রহমান বলেন, সরকারি হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়ে গেছে। এদিকে শীতবস্ত্রের অভাবে দরিদ্র মানুষ পড়েছে বিপাকে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা পর্যাপ্ত নয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রথম আলো ডটকমকে জানান, শীতার্ত মানুষের জন্য চার উপজেলায় এক হাজার ৯০০টি কম্বল বিতরণ করা হয়েছে। প্রয়োজনীয় গরম কাপড় চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি অসহায় শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।