চুয়াডাঙ্গার কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্র মাঠে গতকাল রোববার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুল হালিম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করেছে।পুলিশের দাবি, নিহত আবদুল হালিম স্থানীয় সন্ত্রাসী সংগঠন হালিম বাহিনীর প্রধান। তিনি উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্যাং কোয়ার্টারপাড়ার হারেজ আলীর ছেলে।পুলিশ জানায়, দর্শনা ঈশ্বরচন্দ্র মাঠে সন্ত্রাসী হালিম বাহিনীর সদস্যদের গোপন বৈঠকের খবরের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টায় অভিযান চালানো হয়। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি গুলি ছোড়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বাহিনীপ্রধান হালিম নিহত হলে অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হালিমের লাশ, সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করে।আজ সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, নিহত আবদুল হালিমের বিরুদ্ধে ওই থানায় খুন, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। গতকাল রাতের ঘটনায় উপপরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে ও খুনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছেন।