চুয়াডাঙ্গার নতিপোতা ইউপির চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল সোমবার রাত একটার দিকে সন্ত্রাসীরা তাঁর বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করে।নিহতের স্ত্রীর দাবি, গতকাল রাতে ছয় থেকে সাতজনের একটি দল নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে তাঁদের বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে। এরপর তারা দরজা ভেঙে ঘরে ঢুকে মিজানুরকে কুপিয়ে হত্যা করে। তবে মিজানুর রহমানকে কে বা কারা কী কারণে হত্যা করেছে, পুলিশ বা এলাকাবাসী তা জানাতে পারেনি। ঘটনার পর পরই জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা আজ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলি আজগার, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও জেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি শহীদুল ইসলাম মিজানুর রহমানের বাড়ি যান।