চুরি করতে দেখে ফেলায় গোলাম রহমান খুন হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি করতে দেখে ফেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম রহমানকে খুন করেন গৃহকর্মী নূর ইসলাম ও তাঁর চাচাতো ভাই লাবলু। গ্রেপ্তার হওয়া নূর ইসলামকে গতকাল শুক্রবার সাংবাদিকদের সামনে হাজির করা হলে তিনি এ কথা জানান। গতকাল ভোরে যশোরের ঝিকরগাছা থেকে র্যাব-২-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।গত মঙ্গলবার রাতে ২৫/২ লেক সার্কাস কলাবাগানের বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় গোলাম রহমানের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন নূর ইসলাম।র্যাব-২-এর ধানমন্ডি ক্যাম্পে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নূর ইসলাম আরও জানান, টাকা ও গয়না চুরির উদ্দেশেই ছয় মাস আগে তিনি ওই বাড়িতে কাজ নেন। চলতি মাসের শুরুতে গোলাম রহমানের স্ত্রী মেয়েদের নিয়ে গ্রামে গেলে বাড়িতে ছিলেন গৃহকর্তা ও তিনি। এই সুযোগে তিনি চুরির জন্য সোমবার রাতে গোলাম রহমানের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন।হত্যার বর্ণনা দিতে গিয়ে নূর ইসলাম বলেন, খাওয়ার পর গৃহকর্তা ঘুমিয়ে পড়লে লাবলুকে তিনি বাড়িতে ঢোকান। রাত একটার দিকে তাঁরা দুজন গৃহকর্তার শোবার ঘরে ঢুকে চুরি করেন। টাকা ও গয়না নিয়ে চলে আসার সময় তিনি জেগে ওঠেন। তাঁরা তাঁর হাত-পা বেঁধে ফেলেন। এ সময় ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাথায় নিড়ানি (ফুলের টবে ব্যবহূত) দিয়ে আঘাত করলে গৃহকর্তা নিস্তেজ হয়ে পড়েন। এরপর তাঁরা ৫০ হাজার টাকা ও গয়না নিয়ে মঙ্গলবার ভোর চারটার দিকে বের হয়ে মিরপুরে তাঁদের ভাড়া বাসায় যান। ওই দিনই তিনি বরিশালের সাহেবেরহাট গ্রামে যান স্ত্রী ও চার মাস বয়সী ছেলেকে দেখতে। ভারতে পালানোর উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে বরিশাল বাসস্ট্যান্ড থেকে যশোরের বেনাপোল যাওয়ার জন্য বাসে ওঠেন। কিন্তু বেনাপোল পৌঁছার আগেই ঝিকরগাছায় র্যাবের হাতে গ্রেপ্তার হন।র্যাব জানায়, তাদের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর লেফটেন্যান্ট কমান্ডার নূর মোহাম্মদ তারিক আজিজ ও ক্যাপ্টেন জাহিদুল করিমের নেতৃত্বে একটি দল নূর ইসলামকে গ্রেপ্তার করে।নূর মোহাম্মদ তারিক আজিজ জানান, বাস থেকে নামানোর পর নূর ইসলাম নিজেকে রাসেল বলে পরিচয় দেন। পরে তাঁর কাছে থাকা মুঠোফোন দিয়ে র্যাব নিশ্চিত হয়, তিনিই নূর ইসলাম। এরপর তাঁর ব্যাগ তল্লাশি করে রক্তমাখা জিনস-টি শার্ট, গোলাম রহমানের বাড়ি থেকে লুণ্ঠিত প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।ভারতে পালালে স্ত্রী-সন্তানের কী হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূর ইসলাম বলেন, ‘ওদের আল্লাহর নামে ছাইড়ে দিছিলাম।’সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত গোলাম রহমানের স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সাংসদ শাহানা রহমান বলেন, নূর ইসলামের মা-বাবা অনেক দিন থেকে তাঁদের বাড়িতে কাজ করেন। সেই সুবাদে তিনিও মাঝেমধ্যে কাজ করতেন। পুরোনো ও বিশ্বস্ত হিসেবেই তাঁরা পরিবারের সদস্যের মতো ছিলেন। নূর ইসলাম এমন করবেন, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান, গণমাধ্যম ও আইন শাখার পরিচালক এম সোহায়েল, র্যাব-২-এর পরিচালক আলী রেজা খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।