চুরি করে দেওয়া গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার সুপারিশ
চুরি করে দেওয়া গ্যাসসংযোগ জরুরি ভিত্তিতে বিচ্ছিন্ন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে অবৈধ সংযোগ হওয়া সত্ত্বেও যেসব গ্রাহক নিয়মিত বিল পরিশোধ করছেন, তাঁদের সংযোগ দ্রুত বৈধ করে দিতে বলা হয়েছে। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। এর আগে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিও একই সুপারিশ করেছিল। বৈঠক শেষে কমিটির সদস্য রাশেদা বেগম প্রথম আলো ডটকমকে বলেন, বর্তমানে গ্যাসের অসংখ্য অবৈধ সংযোগ আছে, যা সম্পর্কে কর্তৃপক্ষ জানে না। তিতাস গ্যাসের অসাধু কর্মচারীদের যোগসাজশে অসাধু গ্রাহকেরা চুরি করে এসব সংযোগ নিয়েছেন। কমিটি এসব সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বলেছে। অন্যদিকে, কিছু অবৈধ সংযোগ আছে, যার গ্রাহকেরা নিয়মিত বিল পরিশোধ করছেন। কমিটি এসব সংযোগকে বৈধ করে নিতে বলেছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, অবৈধ সংযোগ থেকে তিতাস গ্যাস যে টাকা পেয়েছে, সংসদীয় কমিটি তা সরকারি কোষাগারে জমা দিতে বলেছে। বৈঠকে পেট্রোবাংলা থেকে জানানো হয়, বেসরকারি সার কারখানা কাফকোতে প্রতি টন সার উত্পাদন করতে ২৪ হাজার ঘনফুট গ্যাস খরচ হয়। অপরদিকে রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় প্রতি টন সার উত্পাদন করতে খরচ হয় ৪২ হাজার ঘনফুট গ্যাস। কমিটি সরকারি সার কারখানাগুলোতে কেন বেশি গ্যাস খরচ হচ্ছে—এর কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছে। কমিটির সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বি এম মোজাম্মেল হক ও রাশেদা বেগম উপস্থিত ছিলেন।