চুরি-ছিনতাই মামলা নিতে যত অনীহা পুলিশের
চুরি ও ছিনতাইয়ের ঘটনায় মামলা নিতে চায় না ঢাকার পুলিশ। ভুক্তভোগীরা থানায় গেলে পুলিশ মামলা না করে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়। জিডিতে চুরি বা ছিনতাই হয়ে যাওয়া জিনিসপত্র ‘হারিয়ে গেছে’, ‘খোয়া গেছে’ বা ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’ হিসেবে উল্লেখ করতে হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি অস্বীকার করেন না।চুরির মামলা নিতে পুলিশের অনাগ্রহের কারণে চুরি হওয়া মোটরসাইকেলের ক্ষেত্রেও ‘হারিয়ে গেছে’ বলে জিডি করতে হয়। ছিনতাইয়ের ক্ষেত্রে পুলিশ কালেভদ্রে মামলা নিলেও সাধারণত দস্যুতার ধারায় (দণ্ডবিধির ৩৯২ ধারা) নেয়।রাজধানীতে ছিনতাই নৈমিত্তিক ঘটনা হলেও পুলিশের হিসাবে গত বছর ঢাকার সবগুলো থানায় মাত্র ২৯৪টি দস্যুতার মামলা হয়েছে। অর্থাৎ সারা শহরে দিনে গড়ে একটি করেও নয়! চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে দস্যুতার মামলা হয়েছে যথাক্রমে ১৩টি, ১৫টি ও আটটি করে। পুলিশের কর্মকর্তারাই বলেন, ছিনতাইয়ের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।অন্যদিকে চুরির ঘটনায় ২০১১ সালজুড়ে ঢাকায় মাত্র দুই হাজারের মতো মামলা হয়েছে। এর মধ্যে ‘গৃহচুরি’ ৫৮৭টি এবং অন্য ধরনের চুরি এক হাজার ৩২৪টি।চাপ এড়াতে মামলা এড়ায় পুলিশ: রাজধানীর একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চুরি-ছিনতাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নির্দেশক। চুরি-ছিনতাই বাড়লে ধরে নেওয়া হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তাই মামলা হলে মাঠ কর্মকর্তাদের ওপর ঘটনার রহস্য উদ্ঘাটনের চাপ থাকে। সে জন্য অনেক ক্ষেত্রেই থানার কর্মকর্তারা মামলা নিতে চান না।ডিএমপি কমিশনারের মুখপাত্র ও ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘এ রকম অভিযোগ মাঝেমধ্যেই আসে। তবে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক কোনো নির্দেশনা নেই। পুলিশ কর্মকর্তারা ব্যক্তিগত বিচ্যুতি থেকে এই কাজগুলো করেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তি হয়।’অনেক ঘটনার দুটি: গত রোববার দাঁতের চিকিৎসক শামীম আজিজের মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের ফ্ল্যাটের তালা কৌশলে খুলে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। তারা আলমারির ড্রয়ার ভেঙে প্রায় আট ভরি ওজনের সোনার গয়না ও একটি হীরার আংটি চুরি করে। শামীম আজিজ মোহাম্মদপুর থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁকে জিডি করতে বলে। শামীম বলেছেন, তিনি পুলিশের নির্দেশনায় জিডি লেখেন। জিডিতে লেখা রয়েছে: সকাল সাতটায় শামীম আজিজ ও তাঁর স্ত্রী বাসা থেকে বের হন। বেলা আড়াইটায় বাড়িওয়ালার ফোন পেয়ে বাসায় এসে দেখেন ফ্ল্যাটের দরজা খোলা। ঘরের ভেতরে আলমারির দরজা খোলা, ড্রয়ারে রাখা আট ভরি গহনা পাওয়া যাচ্ছে না। বর্তমানে তিনি এগুলোর সন্ধান করছেন। এর নিচে শামীমকে দিয়ে পুলিশ লিখিয়ে নিয়েছে, ‘আপাতত আমি মামলা করতে আগ্রহী নই’। জিডির কোথাও ‘চুরি’ শব্দটি নেই।গত ৩১ জুলাই কলাবাগান মাঠের পাশে ছিনতাইয়ের শিকার হন বেসরকারি সংস্থার কর্মকর্তা জান্নাতুল কোবরা। মাইক্রোবাস আরোহী ছিনতাইকারীরা রিকশাযাত্রী জান্নাতুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়। ব্যাগে ল্যাপটপ, দুটি মোবাইল ফোনসেট, ১৮ হাজার টাকা, পরিচয়পত্র, এটিএম কার্ডসহ বিভিন্ন জিনিস ছিল। কলাবাগান থানায় গেলে তাঁকে জিডি করতে বলা হয়।গত ১০ ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামের গাড়ি রাখার জায়গা থেকে ছাত্র আবদুল্লাহ আল রাসেলের বাজাজ পালসার মোটরসাইকেল চুরি হয়। পল্লবী থানায় গেলে পুলিশ তাঁকে জিডি করার পরামর্শ দেয়। রাসেল পুলিশের নির্দেশনা মতো জিডিতে লেখেন, মিরপুর স্টেডিয়াম থেকে তাঁর মোটরসাইকেলটি হারিয়ে গেছে।সংবাদপত্রে নাম প্রকাশে অনিচ্ছুক বৈদ্যুতিক নিরাপত্তা উপকরণের ব্যবসায়ী এক ভুক্তভোগী বলেন, বাসা থেকে মোটরসাইকেল চুরি হওয়ার পর আদাবর থানায় গেলে তাঁকে জিডি করতে বলা হয়। মামলা করতে চাইলে তাঁকে দিনভর বসিয়ে রাখা হয়। পুলিশের একটি দল যাব, যাচ্ছি করে বিকেলে ঘটনাস্থল ঘুরে আসার পর সন্ধ্যায় মামলা নিবন্ধন করা হয়। দুই দিন ঘোরানোর পর তাঁকে মামলার অনুলিপি দেওয়া হয়। জিডির ভাষা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ‘মোটরসাইকেল কি পয়সা নাকি যে পকেট থেকে পড়ে হারিয়ে যাবে! আমার মোটরসাইকেল চোরে নিয়ে গেল আর পুলিশ বলে হারানোর জিডি করতে।’সাধারণ মানুষের এ রকম অভিযোগের শেষ নেই। দুজন বরখাস্ত: পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন দাঁতের ডাক্তার শামীম আজিজের বাসায় চুরির ঘটনায় মামলা না নেওয়ার বিষয়টি এই প্রতিবেদকের কাছ থেকে জানেন। তিনি খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়ে মোহাম্মদপুর থানার ওই পালার কর্তব্য কর্মকর্তা উপপরিদর্শক শিহাবউদ্দীনকে বুধবার বরখাস্ত করেন। এ ছাড়া গত রোববার শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের শিকার এক ব্যবসায়ীর মামলা না নেওয়ায় উপপরিদর্শক মনির হোসেনকে বরখাস্ত করা হয়েছে। পরে উভয় ক্ষেত্রে মামলা হয়েছে।উপকমিশনার ইমাম হোসেন বলেন, ‘ভুক্তভোগীরা অনেক সময় মামলা করতে চান না। কিন্তু কেউ মামলা করতে চাওয়ার পরও যদি পুলিশ মামলা না নেয়, তবে সেটা অন্যায়।’