চুরি-ডাকাতি বন্ধের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বাজারে প্রায়ই চুরি-ডাকাতি হওয়া সত্ত্বেও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে আজ শনিবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছে।ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. হারুনুর রশিদ জানান, চুরি-ডাকাতি বন্ধের দাবিতে প্রায় ৩০০ ব্যবসায়ীর স্বাক্ষর নিয়ে আজ দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করা হচ্ছে। সকাল থেকেই ব্যবসায়ীরা বাজারে চুরি-ডাকাতির প্রতিবাদে মিছিল করছে। এ ছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে আজ একটি স্মারকলিপিও দেওয়া হবে।উল্লেখ্য, ফরিদগঞ্জ বাজারে গত বৃহস্পতিবার গভীর রাতে চারটি দোকানে ডাকাতি হয়। ডাকাতেরা আরমান ইলেকট্রনিক্স থেকে এক লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৪৫টি মোবাইল ফোনসেট, নগদ ২০ হাজার টাকা এবং গ্রামীণ, একটেল ও সিটিসেলের ৩০ হাজার টাকা মূল্যের প্রিপেইড কার্ড নিয়ে যায়। এ ছাড়া তারা কাকলী ক্লথ স্টোর থেকে নগদ এক লাখ ৭১ হাজার টাকা লুট করে। ডাকাত দলটি একটি চালের আড়তে ঢুকতে পারলেও আড়তের ক্যাশ বাক্স ভেঙে কোনো টাকা পায়নি এবং হূদয় ইলেকট্রনিক্সে প্রবেশের চেষ্টা করেও সেখানে ঢুকতে পারেনি।