চুরি-ডাকাতির সংখ্যা জেনে পুলিশই অবাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির অভিযোগে প্রায় চার বছর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন মোহাম্মদ মামুন (২২)। তবে তিনি কখনো চট্টগ্রামের র্যাব-পুলিশের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন না। হাটহাজারীতে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পুলিশ গত রোববার নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এর পরই তাঁর জবানিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি নিজেই স্বীকার করেন, গত ১০ বছরে এক হাজারের বেশি চুরি ও ৪০-৫০টি ডাকাতিতে জড়িত ছিলেন তিনি। তাঁর এই চুরির সংখ্যা শুনে পুলিশই অবাক হয়ে গেছে।আদালত সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি হাটহাজারীর চারিয়া বাজারের দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামুন ও তাঁর তিনজন সহযোগী চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত সোমবার দেওয়া ওই জবানবন্দিতে মামুন স্বর্ণালংকার লুটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, ‘দোকানের লুণ্ঠিত স্বর্ণালংকারের পরিমাণ সম্পর্কে নবীর কাছে হিসাব আছে। আমি সাড়ে তিন হাজার টাকার ভাগ পেয়েছি।’১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া অন্য তিনজন হলেন মো. আক্তার হোসেন, মো. মনির হোসেন ও আনোয়ার হোসেন। এঁদের স্বীকারোক্তিমতে, চারিয়া বাজারে ডাকাতির ঘটনার নেতৃত্বে ছিলেন নবী। তিনি এখন পলাতক।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আকতার চারিয়া বাজারে ডাকাতির ঘটনায় মামুনসহ নয়জনকে গ্রেপ্তার করেন। এঁদের জেরার পর মামুন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পান তিনি। এএসপি বাবুল বলেন, ‘মামুনের অবস্থা শুনে আমরা অবাক হচ্ছি। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে গত ১০ বছরে এক হাজারের বেশি চুরি ও ৪০-৫০টি ডাকাতি করে গেছেন। অথচ কখনো তিনি পুলিশের নজরদারিতে ছিলেন না। আমরা মামুন চক্রের মূল হোতার নাম জেনেছি। তিনি একটি ট্রাকের মালিক। ওই ট্রাক ব্যবহার করে চক্রটি চট্টগ্রাম ছাড়াও ফেনী, নোয়াখালী ও কুমিল্লার পদুয়া বাজার পর্যন্ত বিভিন্ন দোকান ও মার্কেটে ডাকাতি করেন।’পুলিশ সূত্র জানায়, জেরায় মামুন চুরি ও ডাকাতিতে জড়িয়ে পড়ার এবং এর আগে একটি দোকানে চাকরি হারানোর কথা জানান। মামুন জানান, ১২-১৩ বছর আগে তিনি মাসিক ৯০০ টাকা বেতনে আগ্রাবাদ এলাকার একটি মুরগির দোকানে চাকরি নেন। দুই বছর চাকরি করেন। অসুস্থতার কারণে কয়েক দিন দোকানে যেতে পারেননি। পরে মালিক তাঁকে দোকানে যেতে নিষেধ করে দেন। এরপর লোহা চুরি দিয়ে শুরু হয় তাঁর অপরাধজীবন।মামুন আরও জানান, প্রায় ১০ বছর আগে আগ্রাবাদ সিজিএস কলোনির একটি ভবনের লোহার পাইপ চুরির মাধ্যমে তাঁর চুরিজগতে প্রবেশ। প্রথম চোরাই লোহার পাইপ বিক্রি করে পান ৫০০ টাকা। এরপর ১০ বছর ধরে দু-তিন দিন পরপর চুরি করেন। সেই হিসাবে কমপক্ষে এক হাজার চুরি করেছেন। পরে ধীরে ধীরে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন। এভাবে ৪০-৫০টি ডাকাতিও করেন।মামুন বলেন, ‘ছোট ছোট চুরির ঘটনায় আমরা সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করতাম। বড় অভিযানে নবীর ট্রাক ব্যবহার করি। এক রাতে ট্রাক ব্যবহারের জন্য নবী ১৪-১৫ হাজার টাকা ভাড়া কাটতেন। ডাকাতির মালামাল বিক্রি করে বাকি টাকা আমরা ভাগ-বাটোয়ারা করে নিতাম।’আগ্রাবাদে বাংলাদেশ ব্যাংক কলোনির পাশে একটি টিনশেডের ভাড়া ঘরে মা-বাবা ও ভাই-বোন নিয়ে মামুন থাকেন। ডাকাতির টাকার অধিকাংশ তিনি ব্যয় করতেন মাদকের পেছনে। নগরের চৌমুহনী এলাকার একটি দোকানে চোলাই মদ পাওয়া যায় বলে মামুন স্বীকার করেন। মামুন জানান, নবী বাহিনীর সদস্য হয়ে চুরি-ডাকাতি করেন বলে লুণ্ঠিত মালামাল বা টাকার বড় অংশ নবীর পকেটে চলে যায়।