‘মোবাইল ফোন চুরি করতে দেখেছে বলে এভাবে একটি কচি এতিম শিশুকে নৃশংসভাবে খুন করা হলো?’
চুরি দেখায় হত্যা
মুঠোফোন চুরি করতে দেখেছিল ছয় বছরের শিশু নিশি আক্তার সুলতানা। তার সাক্ষ্যের ভিত্তিতে সালিসে জরিমানা করা হয় প্রতিবেশী পোশাককর্মী নাছিমা বেগমকে (২৪)। এর পরই কৌশলে বেড়াতে নেওয়ার কথা বলে পুকুরে ফেলে মারা হয় নিশিকে।গত মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি পুকুর থেকে নিশির লাশ উদ্ধার করে। গতকাল বুধবার মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নাছিমা শিশু নিশিকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের খুলশি থানার ওয়ারলেস কলোনি এলাকায় টৈক্কার বস্তিঘরে নাছিমা ও নিশি পাশাপাশি ঝুপড়ি ঘরে থাকতেন। বাবা না থাকায় নিশির মা ওই এলাকায় দেবর ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। নিশির চাচা মো. ফারুক (২৮) রিকশাচালক।গতকাল দুপুরে চান্দগাঁও থানায় নাছিমা বলেন, ‘একটি মোবাইল ফোনের জন্য আমাকে রিকশার চেইন দিয়ে পেটানো হয়েছে। আমার ছেলেমেয়েকে মারধর করা হয়েছে। এ জন্য আমি নিশিকে মেরেছি।’ নাছিমার গ্রামের বাড়ি সীতাকুণ্ড উপজেলার শেকেরহাট ইউনিয়নের বাকখালির মাঝেরদাঁড়া গ্রামে।নিশির চাচা ফারুক বলেন, ‘মোবাইল ফোন চুরি করতে দেখেছে বলে এভাবে একটি কচি এতিম শিশুকে নৃশংসভাবে খুন করা হলো? নাছিমা অপারগতা প্রকাশ করলে, আমরা তাঁকে চোরাই মোবাইল ফোনের টাকা মাফ করে দিতাম।’জানা গেছে, নিশির নয় মাস বয়সে বাবা আবুল কালাম মারা গেলে পরিবারের দায়িত্ব নেন চাচা ফারুক। ফারুক জানান, তাঁর মুঠোফোনটি চার্জে থাকা অবস্থায় ১৫-২০ দিন আগে চুরি হয়। ওই সময় ঘরে কেবল নাছিমা আর নিশি ছিল। মুঠোফোন চুরির পর নাছিমাকে অভিযুক্ত করা হলেও তিনি অভিযোগ অস্বীকার করেন। সাত-আট দিন আগে এ নিয়ে সালিস বসে। সালিসে নিশির সাক্ষ্যের ভিত্তিতে নাছিমাকে জরিমানা করা হয়।যেভাবে নিশিকে হত্যা করা হয়: গতকাল মহানগর হাকিম ফজলে রাব্বীর আদালতে নাছিমা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তিনি স্বীকার করেন, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি এলাকার লোকজনকে গ্রামের বাড়ি যাওয়ার কথা বলে বের হন। আসলে তিনি যান কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বান্ধবী নূরজাহানের বাসায়। নিশিকেও কৌশলে সঙ্গে নেন। ওই এলাকার বিএসএ গার্মেন্টসে কাজ করার সময় নূরজাহানের সঙ্গে তাঁর পরিচয়।নাছিমা বলেন, ‘সন্ধ্যার পর নূরজাহানের বাড়ি থেকে আমি নিশিকে নিয়ে বেড়াতে বের হই। প্রায় আধা কিলোমিটার দূরে মেহরাজ খান চৌধুরী বাড়ির মাথা এলাকার মকবুল আহমদের পুকুর পাড়ে নিয়ে আমি নিশিকে দাঁড়াতে বলি। এর পরই পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে পুকুরে ফেলে দিই। নিশিকে পুকুরে ফেলে আমি আর পেছনে তাকাইনি। ছেলেমেয়েদের নিয়ে সোজা ওয়ারলেসের বাসায় চলে যাই।’স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরের পর থেকে নিশির খোঁজ না পেয়ে তার পরিবার বিকেলের দিকে মাইকে নিখোঁজ সংবাদ প্রচারে নামে। এর মধ্যে এলাকাবাসী জানতে পারে, নাছিমা ও তাঁর তিন সন্তান সারা দিন বাসায় ছিল না। রাত ১০টার দিকে তারা বাসায় ফিরে। সন্দেহের বশে এলাকাবাসী নাছিমাকে একটি ঘরে আটকে রাখে। তাঁর সন্তানদের আলাদা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বড় ছেলে কোরবান আলী (১২) বলে, তার মা নিশিকে পুকুরের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন।এরপর এলাকার লোকজন কোরবানকে নিয়ে কাপ্তাই রাস্তার মাথায় যায়। সেখানে তার দেখানো পুকুর থেকে নিশির লাশ উদ্ধার করে পুলিশ। এরপর খুলশি থানার পুলিশ নাছিমাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করে।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিশির চাচা ফারুক বাদী হয়ে হত্যা মামলা করেছেন। নিশির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নাছিমাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।