চুরি হয়ে যাচ্ছে মঠবাড়ী মন্দিরের নকশা
মন্দিরের গায়ের নকশা স্মরণ করিয়ে দিত রাম-রামায়ণের গল্প। সারিবদ্ধ নকশাগুলো দেখে যে কারও চোখ জুড়িয়ে যেত। সুলতানি আমলে নির্মিত বড় ধোপাদী মঠবাড়ী মন্দিরের সেই নকশাগুলো চুরি হয়ে যাচ্ছে। রাতের আঁধারে একশ্রেণীর চোর এগুলো খুলে নিয়ে বিভিন্ন শহরে চড়া দামে বিক্রি করছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এগুলো রক্ষা করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া মন্দিরের জায়গাও দখল হয়ে গেছে। সেখানে চাষাবাদ শুরু হয়েছে। হিন্দু সমপ্রদায়ের লোকজন এখন আর মন্দিরটিতে পুজা-অর্চনা করতে যায় না।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমান্তর্বর্তী গ্রাম বড় ধোপাদী। এই গ্রামের মাঠের মধ্যে সুলতানি আমলের পুরোনো এই মন্দিরের নাম কি, এলাকার কেউ তা বলতে পারে না। তবে বারোবাজার এলাকার এই মন্দিরসহ নানা পুরোনো নিদর্শন নিয়ে গবেষণা করেছেন এমন একজন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যাপক আহসান হবিব জানান, তিনি বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, এই গ্রামের নামানুসারে বড় ধোপাদী মঠবাড়ি মন্দির নাম রাখা হয়েছিল। মন্দিরের স্থাপত্যশৈলী দেখে অনুমান করা যায়, এটি সুলতানি আমলের।সরেজমিনে কথা হয় বড় ধোপাদী গ্রামের আবদুল আজিজের সঙ্গে। তিনি জানান, অনেক চেষ্টা করেছেন মন্দিরটির নাম জানার জন্য, কিন্তু কেউ বলতে পারেন না। ইতিপূর্বে পরিত্যক্ত জমির ওপর মন্দিরটি দাঁড়িয়ে ছিল। কিন্তু কালক্রমে সেই জায়গার সিংহভাগ ব্যক্তিমালিকের দখলে চলে গেছে। বড় ধোপাদী গ্রামের মৃত আলতাফ হোসেন মন্দিরের ওই জমি চাষ শুরু করেন। এর আগে জমিটি হিন্দু সমপ্রদায়ের লোকজনের ছিল। বর্তমানে মন্দিরটির মূল কাঠামো যে জায়গায়, সেই জায়গাটুকু ছাড়া সবটুকু চাষের আওতায় চলে গেছে। একই গ্রামের রুহুল আমিন জানান, মন্দিরের পাশে একটি বিল ছিল। তাঁরা শুনেছেন, এক সময় হিন্দু সমপ্রদায়ের লোকজন এখানে পূজা-অর্চনা করতেন। অনেক দূর-দূরান্ত থেকে ধর্মাবলম্বীরা এখানে আসতেন। কিন্তু তাঁরা নিজেরা কখনো এখানে কাউকে পূজা করতে দেখেননি। মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পার্শ্ববর্তী গ্রামের কৃষ্ণপদ জানান, মাঠের মধ্যে অরক্ষিত অবস্থায় থাকায় মন্দিরের মূল্যবান কারুকার্য সব চুরি হয়ে যাচ্ছে। একশ্রেণীর চোর রাতের আঁধারে নকশা তুলে বিক্রি করছে। বরিশাল থেকে কয়েকজন লোক এসে এটা নিয়ে গবেষণা করছেন অজুহাত দেখিয়ে এখানে বেশ কয়েক দিন অবস্থান করেন। পরে দেখা যায়, মন্দিরের গা থেকে বেশ কিছু নকশা তুলে নেওয়া হয়েছে। মন্দিরের গায়ে যে নকশা ছিল, তা দিয়ে রাম-রাবণের গল্প বোঝানো হয়েছিল।এ ব্যাপারে স্থানীয় ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘অফিসে এই মন্দিরসংক্রান্ত কোনো তথ্য নেই।’তবে স্থানীয় রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন, মন্দিরটি খাসজমিতেই অবস্থিত। এখন সেখানে চাষাবাদ শুরু হয়েছে। এটি সংস্কার করা হলে প্রাচীন নিদর্শন রক্ষা পাবে, পাশাপাশি হিন্দু সমপ্রদায়ের লোকেরা পূজা-অর্চনা করতে পারবেন।’