চুরির টাকায় ২০০ বছর চলা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্নীতি ও অত্যাচার’ থেকে বিরত থাকতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘চুরি-চামারি যেভাবে হয়েছে, তাতে আগামী ২০০ বছর চলতে পারবেন। এবার বাংলাদেশের মানুষকে মুক্তি দিন।’আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে নজরুল ইসলাম খান এ কথা বলেন। মহিলা দলের মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলী শাখা এই মানববন্ধনের আয়োজন করে।নজরুল ইসলাম খান বলেন, বড় দুর্নীতির মামলার আসামিরা মুক্তি পেয়ে যাচ্ছেন, আর মোয়াজ্জেম হোসেনের মামলার শুনানি দেওয়া হয়েছে ২৪ অক্টোবর। সে দিন কোনো কারণে তিনি মুক্তি না পেলে ঈদের আগে আর মুক্তি পাবেন না। বিএনপির এই নেতা বলেন, ‘আরও অনেক ঈদ কারাগারে করার প্রস্তুতি নিয়েই মোয়াজ্জেম হোসেন রাজপথে নেমেছেন। এই গ্রেপ্তার সরকারের কোনো কাজে আসবে না। আন্দোলন আরও জোরদার হবে।’নজরুল ইসলাম খান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে বলেন, ‘এখন দুর্নীতির ধরন এমন যে কাজের আগেই দুর্নীতি শুরু হয়। পদ্মা সেতু শুরুর আগেই দুর্নীতি হয়ে গেছে। সে দুর্নীতি আন্তর্জাতিক সীমানায় পৌঁছে গেছে। আর তা তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী বাংলাদেশে আসেন, এর চেয়ে লজ্জা আর কী হতে পারে।’ মহিলা দলের মোহাম্মদপুর থানা কমিটির আহ্বায়ক আনোয়ারা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা, সাংসদ মোজাহের আলী প্রধান, মহিলা দলের নেতা বিলকিস জাহান ও সুলতানা আহমেদ।