চুরির হিড়িক
নগরে শীত পড়ার পর থেকেই ট্রান্সফরমার চোরদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে ডিপিডিসি ও ডেসকো। প্রতি সপ্তাহেই কোনো না কোনো এলাকায় চুরি হচ্ছে বিদ্যুতের লোড নিয়ন্ত্রক এ যন্ত্রটি। ৯ ডিসেম্বর রাতে ইব্রাহিম পুকুরপাড় এলাকায় দুটি আর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশনের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় একটি ট্রান্সফরমার চুরি হয়। সম্প্রতি বারিধারার প্রগতি সরণি থেকে চুরি হয়েছে ট্রান্সফরমার। এ মাসেই উত্তরায় চোরের দল একটি ট্রান্সফরমার খুলে ফেলে, কিন্তু স্থানীয় থানা পুলিশের ধাওয়া খেয়ে তারা তা রেখেই পালিয়ে যায়। গত ১৮ নভেম্বর রাতে উলনেও এক জোড়া ট্রান্সফরমার খুঁটি থেকে খোলার সময় লোকজনের তাড়া খেয়ে পালিয়ে যায় চোরের দল। একই রাতে একই রকম ঘটনা ঘটেছে খিলগাঁওয়ে।ট্রান্সফরমার চুরির ফলে ডিপিডিসি-ডেসকো লাখ লাখ টাকা আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। আবার বৈদ্যুতিক খুঁটি ট্রান্সফরমার শূন্য থাকায় সংশ্লিষ্ট এলাকাবাসীকে বিদ্যুতের অভাবে ভুগতে হচ্ছে। এ বিষয়ে ডিপিডিসি-ডেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি ট্রান্সফরমারে যেসব উপকরণ থাকে, তার দাম তিন-চার লাখ টাকা। চোরের দল এগুলো বিক্রি করছে ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকায়। ট্রান্সফরমার চুরি করতে ২০ থেকে ২৫ জনের দল একটি ট্রাক নিয়ে আসে। তাই রাতে এমন কেউ এলে এলাকাবাসীর উচিত তাদের ধরে থানায় দেওয়া।কিন্তু ট্রান্সফরমার চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী করছে, জানতে চাইলে ডেসকোর মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) শাহজাহান মিয়া বলেন, চোরদের বিষয়ে গ্রাহকদের সতর্ক করতে এলাকায় এলাকায় মাইকিং করা হয়েছে। কারণ, এলাকাবাসীর সহায়তা ছাড়া চুরি প্রতিরোধ সম্ভব নয়। তাদের সতর্ক করতে প্রচারপত্র বিলি করা হবে। এ ছাড়া নগরের প্রতিটি থানাকে চোরদের ধরতে পুলিশ প্রহরা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। ট্রান্সফরমার চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট থানাগুলোর সহায়তা পেতে ডিপিডিসিও উদ্যোগী হচ্ছে বলে জানালেন এর পরিচালক (অপারেশন) এফ এম ফরিদুল হক। তিনি বলেন, এলাকাবাসীর সহায়তা ছাড়া আসলে ট্রান্সফরমার চুরি প্রতিরোধ সম্ভব নয়। তাই তারা যদি রাতে ট্রান্সফরমারে উঠেছে এমন কাউকে দেখে, তবে অবশ্যই এলাকাবাসীর উচিত তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া। কারণ, বিদ্যুতের কর্মীরা রাতে ট্রান্সফরমারের কোনো কাজ করেন না।