ছয়-সাত বছরের ছোট একটি শিশুকে নিয়ে এক ভদ্রলোক একটি সেলুনে ঢুকলেন। এরপর চুল কাটিয়ে শিশুটিকে একটি চেয়ারে বসিয়ে বললেন, ‘বাবা, আমি বাজার থেকে আসছি। এই ফাঁকে তোমার চুল কাটানো হয়ে যাবে।’ শিশুটির চুল কাটানো শেষ হওয়ার অনেক পরও ভদ্রলোক আর ফিরে এলেন না। তখন দোকানদার শিশুটিকে একটু ভয় দেখিয়ে বললেন, ‘কই, তোমার বাবা তো এলেন না। মনে হয়, তোমাকে বেমালুম ভুলে গেছে।’ কিন্তু শিশুটির কথা শুনে দোকানদার তো বোকা বনে গেলেন। শিশুটি বলল, ‘উনি তো আমার বাবা নন। রাস্তায় আমাকে দেখে বললেন, চলো, ফ্রি ফ্রি আমরা চুল কাটিয়ে আসি!’ চুল কাটানো নিয়ে এটি একটি কৌতুক। কিন্তু মিশিগানের আইনগ্রন্থে চুল কাটানো নিয়ে এমন একটি বিধান আছে যা খুবই হাস্যকর। সেখানে বলা হয়েছে, মিশিগানের সেলুনে কোনো বিবাহিত নারী যদি তাঁর মাথার চুল কাটাতে চান, তবে স্বামীর লিখিত অনুমতি লাগবে! কী কারণ?সেখানে স্ত্রীর মাথার চুল স্বামীর সম্পদ হিসেবে বিবেচিত হয়! ‘চুল’কে সম্পদ হিসেবে ভাববার কারণ কী? গ্রিক পুরাণে আছে, মনস্টার মেদুসার (Medusa) মাথার একেকটি চুল ছিল একেকটি সাপ! এ কারণে মাথাই ছিল মেদুসার শত্রুবধের হাতিয়ার। মিশিগানের স্বামীরা কি তবে তাঁদের স্ত্রীদের চুলকে শত্রুর হাত থেকে রক্ষার কাজে ব্যবহার করতেন বলেই এই আইন?