চুল কাটায় চাকরি গেল খোয়া
জনকল্যাণে নিজের চুল কেটেছেন তিনি। এতেই হলো কাল। চুল কাটার কারণে তাঁর চাকরিটাই গেল চলে। তিনি মালয়েশিয়ার টিভি উপস্থাপক রাস আদিবা মোদ রাদিজি।ক্যানসার-সচেতনতা কর্মসূচিতে সমর্থন দিতে মালয়েশিয়ার একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের ওই নারী উপস্থাপক তাঁর চুল কেটেছেন। আর এ কারণে টেলিভিশন কর্তৃপক্ষ তাঁকে চাকরিচ্যুত করেছে। কর্তৃপক্ষ বলেছে, চুল বেড়ে হয়ে গ্রহণযোগ্য পর্যায়ে এলে তাঁকে আবার কাজ করার অনুমতি দেওয়া হবে।বার্তা সংস্থা পিটিআই জানায়, সংবাদ উপস্থাপক ও টেলিভিশন-ব্যক্তিত্ব রাস আদিবা মোদ রাদিজি দেশটির জনপ্রিয় এনটিভি সেভেন চ্যানেলে কাজ করছিলেন। ন্যাশনাল কানসার কাউন্সিলের ক্যানসার-সচেতনতা কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে গত শুক্রবার তিনি তাঁর চুল কাটেন। এ ঘটনায় টিভি চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে চাকরিচ্যুত করে।রাস আদিবা দাবি করেন, এ ঘটনার পর একাধিক অজ্ঞাত ফোন নম্বর থেকে চুল কাটা-সংক্রান্ত ফতোয়া লঙ্ঘনের অভিযোগে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।এনটিভি সেভেন সূত্র জানিয়েছে, ওই সংবাদ উপস্থাপক আগেই তাঁদের এ বিষয়ে জানিয়েছিলেন। কর্তৃপক্ষ তাঁকে জানায়, তিনি যদি তাঁর চুল কাটেন, তবে তাঁকে আর সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে না। তারা বলেছে, ‘আমরা কোনো ন্যাড়ামাথা ব্যক্তিকে উপস্থাপনায় দেখাতে পারি না। তার ওপর তিনি একজন নারী।’