চুল কেটে ফেলায় খবর পড়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুল কেটে ফেলার জন্য মালয়েশিয়ার মুসলিম সংবাদ পাঠিকা রাস আদিবা মোহদ রাদজির কাজ বন্ধ হয়ে গেছে। মালয়েশিয়ার জনপ্রিয় চ্যানেল এনটিভি৭-এর কর্তৃপক্ষ চুল বড় না হওয়া পর্যন্ত তাঁকে কাজ করতে নিষেধ করেছেন। ক্যানসার প্রতিরোধে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে রাস তাঁর চুল কেটেছিলেন। এনডিটিভিতে প্রচারিত খবরে বলা হয়েছে, চুল কেটে ফেলার জন্য অজ্ঞাত ব্যক্তিরা টেলিফোনে ফতোয়াও দিচ্ছেন তাঁকে। এনটিভি৭-এ রাস আদিবা একজন ফ্রিল্যান্স কর্মী হিসেবে কাজ করেন। জাতীয় ক্যানসার কাউন্সিলের ক্যানসার প্রতিরোধে সচেতনতা-বিষয়ক প্রচারণার অংশ হিসেবে গত শুক্রবার রাস আদিবা তার চুল কামিয়ে ফেলেন। তবে এতে মোটেও খুশি হননি এনটিভি৭ কর্তৃপক্ষ। তাদের যুক্তি, টিভিতে খবর পড়ার জন্য চুল কিছুটা বড় করতেই হবে রাস আদিবাকে। আর যত দিন না চুল বড় হবে তত দিন তাঁর কাজ বন্ধ। স্টার নিউজপেপারে প্রকাশিত খবরে জানা গেছে এ কথা। এদিকে এনটিভি৭ সূত্রে জানা গেছে, চুল কেটে ফেলার আগেই রাস আদিবা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তখনই কর্তৃপক্ষ জানান, চুল বড় না হওয়া পর্যন্ত তিনি পর্দায় সংবাদ পাঠ করতে পারবেন না। কর্তৃপক্ষ জানায়, আমরা চুলবিহীন একজন নারী সংবাদ পাঠিকাকে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি না। পর্দায় উপস্থিত হওয়ার জন্য তার চেহারায় কিছুটা সৌন্দর্য থাকা জরুরি। এনটিভি৭-এর সূত্র আরও জানায়, রাস তাদেরকে বলেছিলেন যে তিনি পরচুলা ব্যবহার করবেন। কিন্তু পরচুলা পড়লে পর্দায় রাসকে আরও অদ্ভুত দেখাবে বলে মনে করে এনটিভি৭ কর্তৃপক্ষ। সূত্র আরও জানায়, এনটিভি৭ কর্তৃপক্ষ রাস আদিবার ওপরই সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিল। এদিকে স্টার নিউজপেপারকে রাস আদিবা জানান, অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে তাঁকে হুমকি দিচ্ছে। ধর্মীয় কোন সংগঠন চুল কেটে ফেলার জন্য ফতোয়া জারির চেষ্টা করছে বলে মনে করছেন রাস। রাস আদিবা বলেন, তাঁর বাবা ক্যানসারে ভুগে মারা গেছেন। চাচাও ক্যানসারের রোগী। অনেক বন্ধুকেও ক্যানসারে ভুগে কষ্ট পেতে দেখেছেন রাস আদিবা। আর এসব দেখেই তাঁর মন ভেঙে গেছে। রাস বলেন, তিনি নিজের ধর্ম ইসলামকে ভালোবাসেন। ইসলাম মানুষকে সাহায্য করতে বলে। আর সে জন্যই তিনি চুল কেটেছেন। এটি কোনো অপরাধ হতে পারে না। ছেলের পরামর্শে রাস এখন একটি ওড়না ব্যবহার করছেন। আর এটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।