চুল ছাঁটাতে ৬৪৪ কি.মি. পাড়ি
নিজের চেহারা সুন্দর দেখাক, তা কে না চায়। আর চেহারা সুন্দর দেখাতে ভালো করে চুল ছাঁটানো জরুরি ব্যাপার। কিন্তু, পছন্দসই ছাঁটের জন্য ৩৭ বছর ধরে প্রতিবার ৬৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নাপিতের কাছে যাওয়া সত্যিই বিস্ময়কর। সুসান পার্কার জোনস নামের এক ব্রিটিশ নারী বিস্ময়কেও হার মানিয়েছেন। ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে বলা হয়েছে, পার্কার জোনস ওই কেশবিন্যাসকারীর কাছে যেতে যেতে এরই মধ্যে ৩৮ হাজার ৬২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।‘ডেইলি মেইল’-এর খবরে বলা হয়, চুল একটি নির্দিষ্ট আকৃতিতে রাখতে ব্রিটেনের শ্রোপশায়ারের শ্রিউসবেরির পার্কার ১৯৭৫ সাল থেকে প্রতিবছর ছয়বার যান কেশবিন্যাসকারী জো স্পার্কসের কাছে। দুই দশক আগে স্পার্কস শ্রিউসবেরি থেকে নর্দাম্পটনশায়ারের কেটেরিংয়ে চলে যান। এর পর থেকে পার্কার জোনস এই পথ পাড়ি দিয়ে তাঁর চুল ছাঁটাচ্ছেন।পার্কার জানান, এখন পর্যন্ত স্পার্কস তাঁর চুলে প্রায় ২০০টি ভিন্ন ধরনের ছাঁট দিয়েছেন। আশির দশকের পার্ম, নব্বইয়ের লেডি ডায়না থেকে শুরু করে ববস, ক্রিম্পস এবং বিখ্যাত জেন ফন্ডা বার্বেরেলা পর্যন্ত প্রায় সব ছাঁটই দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি এমন একজনকে চাই, যে বুঝবে আমার কেমন ছাঁট চাইছি। জোকে দিয়ে যখন প্রথমবার চুল ছাঁটিয়েছিলাম, তখনই বুঝেছি, তিনি যা করছেন বুঝেশুনেই করছেন।’পার্কার বলেন, ‘জো যে ছাঁট দেন, তাতে খরচ পুষিয়ে যায়। তিনি তাঁর সাধ্যের ১৫০ শতাংশ দিয়ে কাজ করেন।’৫৮ বছর বয়সী জো স্পার্কস ৪০ বছর ধরে এ পেশায় আছেন। তিনি বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে ভালো খদ্দের হলেন সুসান। চুলের প্রতি সত্যিই তিনি যত্নবান। তাঁর চুলে আমরা বিভিন্ন ধরনের ছাঁট দিয়েছি।’