চুলা জ্বালাতে লাকড়ি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নার সময় থাকছে না গ্যাস, জ্বলছে না চুলা। আগুন না থাকায় চুলায় বসছে না হাঁড়ি। ফলে অনেকের খাওয়াদাওয়াও ঠিকমতো হচ্ছে না। নগরের অনেক এলাকার প্রতিদিনের দৃশ্য এটি। কিন্তু একেবারেই তো আর না খেয়ে থাকা যাবে না। তাই গ্যাসের বিকল্প জ্বালানির ব্যবস্থা করে নিচ্ছে অনেকে। গ্যাসের চুলার বদলে তারা লাকড়ির চুলা ব্যবহার করছে। তবে ধোঁয়া ও দুর্ঘটনা থেকে দূরে থাকতে রান্নাঘরে ঢোকানো হচ্ছে না লাকড়ির চুলা। কারও লাকড়ির চুলা রাখা হচ্ছে বাড়ির গ্যারেজে, কেউ বা রাখছেন ছাদে। তাই বিকল্প জ্বালানির পাশাপাশি রান্নাঘরের বিকল্প জায়গাও বের করতে হচ্ছে অনেককে।অন্যদিকে যেসব এলাকায় এখনো গ্যাস-সংযোগ নেই, সেসব এলাকায় লাকড়ির চুলায় রান্না হচ্ছে নিয়মিত। আবার বেশির ভাগ বস্তিবাসী লাকড়ির চুলায় রান্নার কাজ সারে। লাকড়ির চুলার জন্য গ্রামের মতো ঢাকা নগরে লাকড়ি কুড়িয়ে পাওয়ার সুযোগ খুব একটা নেই। তাই নগরের বিভিন্ন জায়গায় লাকড়ির দোকান গড়ে উঠেছে। এসব লাকড়ি সাধারণত বিক্রি হয় বাটখারায় ওজন করে।মিরপুরের কালশী রোডে গিয়ে দেখা গেছে, কয়েক সারিতে লাকড়ি সাজানো আছে। কোথাও পড়ে আছে গাছের গুঁড়ি বা গাছের বিভিন্ন অংশ। এখানকার লাকড়ি-বিক্রেতা সোহরাব আলী জানান, শীতের সময় তাঁদের বেচাকেনা বেশি হয়। তখন বিয়ের আয়োজন থাকে বেশি। আর বিভিন্ন অনুষ্ঠানও বেশি হয় শীতকালে। তবে এখনো যে কম বিক্রি হচ্ছে, তা নয়। প্রতিদিন ১০ থেকে ১৫ মণ লাকড়ি বিক্রি হচ্ছে। লাকড়ির মধ্যে রয়েছে ধরনধারণ। স্বয়ংক্রিয় করাতকলে লাকড়ি কাটা হয়, আবার কাঠুরিয়ারা কুড়াল দিয়েও লাকড়ি কাটেন। ধরন অনুযায়ী নির্ধারিত হয় লাকড়ির দাম। যেমন তেঁতুলগাছের লাকড়ির দাম সবচেয়ে বেশি। তেঁতুলগাছের লাকড়ির দাম বেশি কেন?—জানতে চাইলে মিরপুর-পল্লবী বস্তির পাশের লাকড়ি-বিক্রেতা রউফ মিস্ত্রি জানান, তেঁতুলের লাকড়িতে আগুন বেশি হয়। জ্বলেও বেশি সময় ধরে। তেঁতুলের লাকড়ি সাধারণত বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহার করা হয়। এক মণ তেঁতুলগাছের লাকড়ির দাম পড়ে ৩৫০ থেকে ৪০০ টাকা।মিরপুরের দুয়ারীপাড়ায় গোটা বিশেক লাকড়ির দোকান গড়ে উঠেছে। কোনো কোনো দোকানে কুড়াল দিয়ে কাঠ কেটে লাকড়ি বানাচ্ছেন মহিলারা। দুয়ারীপাড়ার বস্তিবাসী তাঁদের কাছ থেকে লাকড়ি কিনে থাকে। এখানকার লাকড়ি-বিক্রেতা বাবুল মিয়া জানান, তাঁদের এখানে বেশির ভাগ লাকড়িই করাতকলে পাওয়া উচ্ছিষ্ট। পাশাপাশি পাওয়া যায় পুরোনো বাঁশ ও কাঠের লাকড়ি। এগুলোর দাম একটু কম।সারা বছর লাকড়ি বিক্রি হয় মিরপুরের পল্লবীর কালশী রোড, মাজার রোড, দুয়ারীপাড়া, মিরপুর সিরামিক্স গেট ও গাবতলী ব্রিজের নিচে। এ ছাড়া মোহাম্মদপুরের লালমাটিয়া ও জেনেভা ক্যাম্প, মহাখালী, কারওয়ান বাজার, কমলাপুর, রায়সাহেব বাজার, সদরঘাটে লাকড়ির দোকান আছে। লাকড়ি চার থেকে সাত টাকা কেজি দরে পাওয়া যায়। কেজি দরে অবশ্য বস্তিবাসীরাই লাকড়ি কিনে থাকে। বড় দোকানগুলোয় মণ হিসেবে বিক্রি করা হয় লাকড়ি। এসব লাকড়ির প্রতি মণের দাম ২০০ টাকার মতো। লাকড়ি বেশি কিনলে গাবতলী ব্রিজের নিচে কিংবা মিরপুরের কালশী রোডে যাওয়া ভালো। কারণ এ দুই জায়গায় বেশি লাকড়ি কিনলে অনেক কম দামে পাওয়া যায়। তবে শুকনো লাকড়ি দেখে কিনতে হবে। কারণ ভেজা লাকড়ি দিয়ে একদিকে যেমন চুলায় আগুন জ্বলবে না, অন্যদিকে শুকানোর পর ওজনেও অনেক কম হবে। তাই লাকড়ি ভেজা না শুকনো, তা কেনার আগে দেখে নিতে হবে।