চুলের কারখানায় কাজে ব্যস্ত নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋষিপাড়ার ঋষি নারীরা আজ সবাই ব্যস্ত। তাঁরা কাজ করেন চুলের কারখানায়। তাঁদের গ্রামেই গড়ে উঠেছে এই বিশাল কারখানা। সকালে কারখানায় যান এবং বিকেল পর্যন্ত জটবাঁধা চুলের জট ছাড়ানোর কাজ করেন নারীরা। দুপুরে খেতে কিছুটা সময় ছুটি পান। কয়েক মাস আগেও এই নারীরা বাড়িতে অলস সময় কাটাতেন। কেউ ডালা-কুলা তৈরির কাজ করলেও উপার্জন ছিল খুব কম।ঝিনাইদহের ষাটবাড়িয়া গ্রামে এ জাতীয় বেশ কয়েকটি চুলের কারখানা গড়ে উঠেছে। এক বছর ধরে এলাকায় এই চুলের কারখানার কাজ চলছে। এসব কারখানায় কয়েক শত নারী কাজ করছেন। এই পাড়ার সহস্রাধিক ঋষি পরিবারের প্রায় সবার বাড়িতে এই জট ছাড়ানো কাজ চলে। অনেকে কারখানায় গিয়ে আবার অনেকে নিজের বাড়িতে বসে এ কাজ করছেন। গত ১৪ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, একসঙ্গে প্রায় ৭০ জন নারী চুলের জট ছাড়ানো কাজ করছেন। বিশাল এক গুদাম ঘরের মধ্যে সারিবদ্ধভাবে তাঁরা এই কাজ করছেন। সেখানে কর্মরত নারী দীপু দাসী জানান, তাঁর স্বামী বিন্দাবন দাস রিকশা চালিয়ে সংসার চালান। তাঁর চার সন্তানের মধ্যে তিনটির বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে চন্দ্রা তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করে। আগে সংসার ঠিকমতো চলছিল না। তিনি বাড়িতে মাঝেমধ্যে ডালা-কুলা তৈরি করতেন। এতে সামান্য কিছু আয় হতো। স্বামীর আর তাঁর আয় দিয়ে কোনো রকমে বেঁচে ছিলেন। এখন চুলের জট ছাড়ানোর কাজ পেয়ে তিনি খুশি। তবে পারিশ্রমিক খুব কম। সারা দিন খাটুনির পর ৫০ টাকা মজুরি পান। এই মজুরি একটু বাড়িয়ে দিলে ঠিকমতো সংসার চালিয়ে তাঁরা বেঁচে থাকতে পারবেন। প্রবীর দাসের স্ত্রী প্রিয়সী দাস জানান, তাঁদের তিনটি বাচ্চা। সবাই পড়ালেখা করছে। স্বামী তাঁকে ছেড়ে চলে গেছেন। এখন কষ্ট করেই সংসার চালান। এক মাস হলো তিনি এই কারখানায় কাজ করছেন। এখন প্রতিদিনের পয়সা প্রতিদিন পাচ্ছেন। এতে কিছুটা সংসার চালাতে পারছেন। তবে মজুরি অনেক কম বলে দাবি করেন। যশরত দাসের স্ত্রী সীমা দাস বলেন, ‘কষ্ট করেই কাজ করতে হয়। সারা দিন একটানা বসে থাকতে হয়। তা ছাড়া জটবাঁধা চুলের ময়লা নাক ও মুখের মধ্যে প্রবেশ করে। ফলে প্রায়ই সর্দি-কাশি লেগেই থাকে। এ কাজে ব্যবহূত সুচ তাঁদের কিনতে হয়। মালিকপক্ষ শুধু মজুরি দেয়। এরপরও তাঁরা কাজ করে সংসার চালান।’ একই পাড়ার সুভাষ দাসের সাত বছরের শিশুকন্যা রূপসী দাস জানায়, সে তৃতীয় শ্রেণীতে পড়ছে। স্কুলে ক্লাসের ফাঁকে এখানে কাজ করে সেও দিনে ২০-২৫ টাকা আয় করে। তার মতো অনেক শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি এই কাজ করছে। কারখানার মালিক চুয়াডাঙ্গার বাসিন্দা আজগর আলী বলেন, ‘জট ছাড়ানো চুল ঢাকায় পাঠিয়ে থাকি। ঋষি সম্প্র্রদায়ের লোকজন ছাড়া এ কাজে শ্রমিক পাওয়া যায় না। তাই এখানে ঘর ভাড়া নিয়ে চুলের কাজ করাচ্ছি। নারীদের মাথা আঁচড়ানোর পর যেসব চুল চিরুনিতে আটকে যায়, সেগুলো হকারের মাধ্যমে ক্রয় করা হয়। দেড় হাজার টাকা কেজি দরে এই চুল কেনা হয়। জট ছাড়ানোর পর আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি হয়। এই চুল দিয়ে নানা ধরনের পণ্য তৈরি করা হয়।’