চুল্লি ঠান্ডা করতে প্রাণপণে লড়ছে জাপান
পারমাণবিক চুল্লি ঠান্ডা করতে প্রাণপণে লড়ে যাচ্ছে জাপান। সামরিক হেলিকপ্টার ও দমকল বাহিনীর গাড়ি থেকে সমানে পানি ঢেলে চুল্লি ঠান্ডা করার চেষ্টা করছেন কর্মীরা। এর মধ্যে তেজস্ক্রিয়তার ঝুঁকি বাড়তে থাকায় টোকিও ছাড়ছে বিদেশিরা।গতকাল বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর চারটি হেলিকপ্টার থেকে ৩ নম্বর চুল্লিতে প্রায় ৩০ টন পানি ঢালা হয়। একই সময় সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের জলকামান দিয়ে চুল্লি লক্ষ্য করে পানি ছোড়া হয়। তবে তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়ায় কিছুক্ষণের জন্য গাড়ি থেকে পানি ছোড়া বন্ধ রাখা হয়। সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিয়ে ওই চুল্লি ঠান্ডা করার জন্য কাজ করে যাচ্ছেন কর্মীরা। তেজস্ক্রিয়তার ঝুঁকি কমাতে তাঁরা পালাক্রমে কাজ করছেন।প্রতিরক্ষামন্ত্রী তোশিমি কিতাজাওয়া জানান, পানি ঢালার জন্য আরও বেশি সামরিক যান ব্যবহার করা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র যে পানির পাম্প সরবরাহ করেছে, তাও ব্যবহার করার চেষ্টা চলছে।সরকারের মুখপাত্র ও মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইউকিয়ো এদানো জানান, চুল্লি ঠান্ডা করার এই প্রচেষ্টা কাজে আসছে কি না, তা বলতে একটু সময় লাগবে। তিনি বলেন, ‘বিশেষজ্ঞরা আমাদের যেটা বলছেন তা হলো, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত পানি ভরে দিতে পারলেই কেবল আমরা বলতে পারব পরিস্থিতির উন্নতি হচ্ছে।’জাপানের পরমাণু নিরাপত্তা সংস্থা জানায়, এখন মূল্য লক্ষ্য ৩ ও ৪ নম্বর চুল্লির জ্বালানি রড পানি দিয়ে ঢেকে দেওয়া। ওই সব ফুয়েল রড সম্ভবত জ্বলছে। বিস্ফোরণের কারণে চুল্লির ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।এ ছাড়া চুল্লি ঠান্ডা করার জন্য পানির পাম্প চালাতে প্রধান গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করছেন প্রকৌশলীরা। ভূমিকম্প ও সুনামির আঘাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ওই পানির পাম্প চালানো যাচ্ছে না।ওই কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) মুখপাত্র নাওহিরো ওমুরা জানান, ‘আমরা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ শুরু করার চেষ্টা করছি। আমাদের সব কাজের লক্ষ্য এখন সেটাই। তবে কতক্ষণে সেটা সম্ভব হবে বলা যাচ্ছে না।’ওমুরা আরও বলেন, ‘আমরা যদি সফলভাবে এই কাজ করতে পারি, তাহলে সহজেই পানির পাম্প চালু করা যাবে। আর তখন চুল্লি ঠান্ডা করার জন্য চিন্তা করতে হবে না।’বিভিন্ন গণমাধ্যম জানায়, বর্তমানে অস্থায়ী জেনারেটরের সাহায্যে সমুদ্র থেকে পানি তুলে চুল্লি ঠান্ডা করার চেষ্টা করছেন প্রায় ৭০ জন কর্মচারী।বার্তা সংস্থা কিয়েদো জানায়, ফুকুশিমা জেলার ২৬টি এলাকায় গতকাল প্রায় ১০ হাজার মানুষের ওপর তেজস্ক্রিয়তা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ছয়জনের দেহে তেজস্ক্রিয়তার উপস্থিতি ধরা পড়ে।মার্কিন পরমাণু নিয়ন্ত্রণ কমিশনের প্রধান গ্রিগোরি জাকজকু জানান, ওই চুল্লি ঠান্ডা করার জন্য পানি একেবারেই কমে গেছে এবং মনে করা হচ্ছে সেখানে তেজস্ক্রিয়তার মাত্রা অনেক বেড়ে গেছে। এই অবস্থায় সেখানে কাজ করা কর্মীদের জন্য কঠিন হয়ে পড়েছে। কেননা, সেখানে অল্পক্ষণ থাকলেও ভয়ংকর তেজস্ক্রিয়তায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, হংকংসহ বিভিন্ন দেশ এবং বহু আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান তাদের নাগরিক ও কর্মীদের জাপান থেকে সরিয়ে নিতে শুরু করেছে।এদিকে, সরকারি হিসাবমতে, ভূমিকম্প ও সুনামিতে গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৭৮। এ ছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ আছে আট হাজার ৬০৬ জন। এএফপি, রয়টার্স, বিবিসি।