চুল্লি ঠান্ডা রাখতে হেলিকপ্টার থেকে পানি ঢালা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দিয়াচি পারমাণবিক বিদ্যুেকন্দ্রের চুল্লিগুলো ঠান্ডা রাখতে সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ঢালা হচ্ছে। গতকাল বুধবার উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তা বিকিরণের কারণে এ চেষ্টা ব্যর্থ হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জাপানের এনএইচকে টেলিভিশন জানিয়েছে, ১১টি জলকামান সংযুক্ত ট্রাক ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। পারমাণবিক কেন্দ্রের পরিচালনা সংস্থা টেপকো জানিয়েছে, তিন নম্বর চুল্লিতে অগ্রাধিকার ভিত্তিতে পানি ঢালা হচ্ছে। এ চুল্লি থেকে ধোঁয়া বা বাষ্প নির্গত হচ্ছে। চুল্লিটির কুলিং পুল থেকে পানি বাষ্পীভূত হয়ে ধোঁয়া আকারে বের হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ওই চুল্লিতে চাপও বাড়ছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান জানিয়েছেন, এটা নিশ্চিত যে কেন্দ্রটির এক, দুই ও তিন নম্বর চুল্লির মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চুল্লির আধারগুলো অক্ষত আছে। তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই গুরুতর।’মার্কিন পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, জাপানে তেজস্ক্রিয়তা বিকিরণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পারমাণবিক কেন্দ্রের ছবিতে দেখা গেছে, অব্যাহত বিস্ফোরণের পর কেন্দ্রের ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে জাপানের পারমাণবিক সংস্থা জানিয়েছে, তেজস্ক্রিয়তা বিকিরণের মাত্রা অব্যাহতভাবে কমছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, জাপানকে মধ্য ও দীর্ঘমেয়াদি অবকাঠামোগত সহায়তা দিতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। জাপানের মন্ত্রিপরিষদের মুখ্যসচিব ইউকিও এদানো আজ বৃহস্পতিবার জানান, ওবামা টোকিওতে মার্কিন পরমাণু বিশেষজ্ঞ পাঠানোরও প্রস্তাব দেন।