চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্ত এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আজাদ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে।স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আমজাদ হোসেন একজন গরু ব্যবসায়ী। তিনি গতকাল রাত ১২টার দিকে গুরু আনতে বারাদি সীমান্তের ৮১ ও ৮২ নম্বর প্রধান পিলারের মাঝামাঝি পথে ভারতে প্রবেশ করেন। প্রবেশের পর বিএসএফের বিজয়পুর ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আজাদের মৃত্যু হয়। তাঁর লাশ এখনো ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পড়ে আছে।এ ব্যাপারে বিডিআরের চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভারত সীমান্তের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে বিএসএফের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। যতদূর জেনেছি, তিনি একজন গরু ব্যবসায়ী। কিন্তু কী কারণে তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন এবং বিএসএফ কেন তাঁকে গুলি করেছে, সে ব্যাপারে বিডিআরের তরফ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।