চুয়াডাঙ্গা সীমান্তে মাদক পাচার বাড়ছে
চুয়াডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় অংশে দীর্ঘ আট কিলোমিটার এলাকার কলাবাগানকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক কারবার চলে আসছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এ কলাবাগানের কারণেই বিডিআরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাদকবিরোধী অভিযান পরিচালনা করতেও বড় ধরনের সমস্যায় পড়তে হয়। বিষয়টি নিয়ে বিডিআর ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে একাধিকবার বৈঠক হলেও কার্যত কোনো লাভ হয়নি। সীমান্ত এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর সীমান্ত থেকে জীবননগর উপজেলার রাজাপুর পর্যন্ত আট কিলোমিটার সীমান্ত বরাবর ওপারে গত পাঁচ বছর ধরে কলা চাষ শুরু হয়েছে। আগে এ এলাকায় ধান চাষ করা হতো। ভারতীয় অংশে কলাবাগান করার পর ওই সীমান্ত এলাকায় মাদকের কারবার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে এলাকার মাদককারবারীরা ট্রেনযোগে ফেনসিডিল নিয়ে আসে। এরপর তা গেদে ও আশপাশের গ্রামগুলোতে মজুদ করে। রাত ১০টায় বিএসএফ সীমান্তে সার্চলাইটগুলো বন্ধ করে দেওয়ার পর ওই কলাবাগানে দুই দেশের মাদক কারবারিদের হাট বসে। পরে তা এ দেশের কারবারিরা চুয়াডাঙ্গার সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়ে আসে এবং ট্রেন, দূরপাল্লার বাস, মালবাহী ট্রাক, কোনো কোনো ক্ষেত্রে মাইক্রোবাস ও প্রাইভেটকারযোগে রাজধানী ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, এখানকার মাদক সিন্ডিকেটের সদস্যরা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে তাদের কারবার নির্বিঘ্ন করে। স্থানীয় একাধিক জনপ্রতিনিধিও এই মাদক কারবারের সঙ্গে জড়িত। সীমান্তবর্তী গ্রামগুলোর মধ্যে সদর উপজেলার আকন্দবাড়িয়া ও দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদকের পাইকারি কারবার চলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘আমি এখানে নতুন যোগ দিয়েছি, কলাবাগান বিষয়ে ধারণা নেই।’ চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুলতান আহমেদ পিএসসি বলেন, ‘ভারতীয়রা যেহেতু নিজেদের জমিতে কলাবাগান করেছেন, তাই আমরা কিছু বলতে পারি না। তার পরও বৃহৎ স্বার্থে বিএসএফকে কলাবাগানের বিষয়টি নিয়ে আমি নিজে এবং আগের অধিনায়কেরা ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলেও কার্যত কোনো লাভ হয়নি।’