চুয়াডাঙ্গার আনসারবাড়ীয়া স্টেশনে এক ঘণ্টা রেললাইন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনটি আবার চালু করা, প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও আন্তনগর সব ট্রেন সেখানে থামানোর দাবিতে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা ওই স্টেশনে রেললাইন অবরোধ করে রাখে। উপজেলার পাঁচটি ইউনিয়নের শত শত লোক সকাল নয়টা ৪০ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত এই অবরোধে অংশ নেয়। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ওই স্টেশনে আটকা পড়ে। পরে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আসগর ঘটনাস্থলে এসে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ আন্দোলনের নেতা হাবিবুর রহমান জানান, পাঁচটি ইউনিয়নের লোক এ স্টেশনটি ব্যবহার করে। বাস যোগাযোগ না থাকায় ট্রেনই তাদের একমাত্র ভরসা। কিন্তু ২০০৮ সালের শুরুর দিকে স্টেশনটির সব লোকবল প্রত্যাহার করে নেওয়া হয়। তিনি অবিলম্বে স্টেশনটি আবার চালু করার দাবি জানান।