চুয়াডাঙ্গার ইসলামী হাসপাতালেও কাজ করতেন ওহাব!
২০০২ সালে চুয়াডাঙ্গায় ইসলামী হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়েছিলেন ‘অজ্ঞ বিশেষজ্ঞ’ এ ওহাব খান। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের ওই ক্লিনিকে নিয়মিত রোগী দেখতেন তিনি। ঢাকার জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এক রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে এ ওহাব খানের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করতে গিয়ে প্রথম আলো জানতে পারে, ওহাবের দাবি করা চিকিৎসা সংক্রান্ত সব ডিগ্রি ভুয়া। পাবনার চাটমোহরে ওষুধের দোকান দিয়ে তাঁর পেশাগত জীবন শুরু হয়। তাঁর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কিছুই জানাতে পারেনি ওহাবের পরিবার। অথচ ঢাকার সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালেও কাজ করেছেন ওহাব। চুয়াডাঙ্গার ইসলামী হাসপাতালের পরিচালক বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মো. রুহুল আমিন। তিনি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, ২০০২ সালের প্রথম দিকে ওহাব খান হাসপাতালে তাঁর দপ্তরে আসেন। ওহাব নিজেকে স্নায়ুরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দেন। একই সঙ্গে এমবিবিএস পাসসহ বিভিন্ন ডিগ্রির সনদের এক সেট ফটোকপিও দেন। তাঁরা অনুমতি দিলে ওহাব নিয়মিত রোগী দেখা শুরু করেন। রুহুল আমিন জানান, কাজ শুরুর কয়েক দিনের মাথায় রতন গাইন নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন ওহাব। রতন নিজেকে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দেন। তাঁদের অনুমতি নিয়ে রতনও রোগী দেখা শুরু করেন। রুহুল আমিন আরও জানান, ওহাব রোগী দেখলেও ব্যবস্থাপত্র লিখতেন রতন। সে সময় কিছুটা সন্দেহ হলেও ওহাব নিজেকে বড় ডিগ্রিধারী চিকিৎসক দাবি করায় প্রশ্ন করার সাহস হয়নি। রুহুল আমিন জানান, সাত-আট মাস এভাবে চলার পর চুয়াডাঙ্গার মেডিসিন বিশেষজ্ঞ নুরুল ইসলাম তাঁর কাছে ওহাবের ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বিষয়টি ওহাবকে জানান। পরে ওহাব ব্যস্ততার দোহাই দিয়ে ওই হাসপাতালে আর বসবেন না বলে জানান। এর পরপরই তিনি চুয়াডাঙ্গা ছেড়ে চলে যান। কয়েক দিনের মধ্যে রতন গাইনও চুয়াডাঙ্গা ছেড়ে যান।চুয়াডাঙ্গায় থাকার সময় শহরের শহীদ আবুল কাশেম সড়কের একটি মার্কেটের মালিকের মেয়ের পারভীন সুলতানা ওরফে রুমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ওহাব। ২০০৬ সালে তাঁকে গোপনে বিয়ে করেন। রুমার পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর ওহাবের নির্যাতনে রুমা অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে মারা যান। রুমার ছোট ভাই সাঈদ আহমেদ দাবি করেন, ওহাব তাঁর বোনের শরীরে বিষ প্রয়োগ (স্লো পয়জন) করে হত্যা করেন। পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় সে সময় মামলা করা হয়নি। সাঈদের অভিযোগ, রুমা মারা যাওয়ার পর সরকারের প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয় ও বন্ধু বলে পরিচয় দিয়ে মামলা না করার জন্য তাদের হুমকি দেন ওহাব। স্থানীয় বিভিন্ন ক্লিনিকের একাধিক সূত্রে জানা যায়, রোগী পাওয়ার জন্য চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে দালালও নিয়োগ করেন ওহাব। চুয়াডাঙ্গা থেকে চলে যাওয়ার পরও তাদের মাধ্যমে রোগী সংগ্রহ করতেন তিনি। ২০০৮ সালে সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যোগ দেন ওহাব। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এক মেয়ের। মেয়েটি ওই হাসপাতালের প্রশাসনিক শাখায় কর্মরত ছিলেন। আগের বিয়ের কথা গোপন করে ‘চিকিৎসক ওহাব’ মেয়েটিকে বিয়ে করেন। যোগাযোগ করা হলে মেয়েটির বাবা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তাই তাঁদের পরিচয় প্রকাশ করা হলো না।