চুয়াডাঙ্গার তিন পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু
জমে উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনা পৌরসভার নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর চুয়াডাঙ্গার তিনটি পৌরসভার সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা ভোটারদের দোরগোড়ায় যেতে শুরু করেছেন। এসব পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনটি পৌরসভার বর্তমান মেয়র ও সাবেক তিন চেয়ারম্যানের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। বর্তমান মেয়ররা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নতুন প্রার্থীরা নতুনরূপে পৌর এলাকাকে সাজাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সবাই রাজনৈতিক দলের সদস্য হওয়ায় দলীয় মনোনয়ন নিয়েও শুরু হয়ে গেছে দেনদরবার। সম্ভাব্য প্রার্থীদের অনেকেই বলেন, দলের শীর্ষস্থানীয় নেতাদের সন্তোষসাপেক্ষে মনোনয়ন পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাঁরা। দর্শনা পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি একক প্রার্থী ঘোষণা করলেও জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভায় মেয়র পদে মনোনয়ন নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন প্রধান দুটি রাজনৈতিক দলের স্থানীয় নেতারা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় বর্তমান মেয়র জেলা বিএনপির সহসভাপতি হাজি মীর মহিউদ্দিন। তিনি বলেন, দলের সম্মতি নিয়েই এবারও তিনি মেয়র পদে লড়বেন এবং বিজয়ী হবেন। এ ছাড়া আর যাঁদের নাম আলোচিত হচ্ছে, তাঁরা হলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান এম সবেদ আলী মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান হাসান কাদির গণু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, পৌর জামায়াতের রোকন মাওলানা আবদুল মোনায়েম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। স্থানীয় ভোটারদের মতে, মহাজোটের প্রার্থী হিসেবে সবেদ আলীর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেকের মতে, দৃশ্যত দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ যাঁকেই মনোনয়ন দিক, দলের একটি অংশ নির্বাচন থেকে দূরে থাকবে। এর পরও দলীয় নেতারা চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দারের নির্দেশের অপেক্ষায় আছেন। সবাই চেয়ে আছেন তিনি কাকে মনোনয়ন দেন।দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান পৌরসভার বর্তমান মেয়র। এবারও তিনি একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন নিয়েই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই পৌরসভায় বিএনপি থেকেও একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজল আহমেদও মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন। তবে এলাকার ভোটাররা বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের নিয়েই গোটা হিসাব-নিকাশ করছেন।জীবননগর পৌরসভার বর্তমান মেয়র উপজেলা বিএনপির সভাপতি হাজি নোয়াব আলী। তিনি এবারও একই পদে প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন। তিনিও দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানান। এ ছাড়া সম্ভাব্য অন্যান্য প্রার্থী হলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ অমল, আওয়ামী লীগের সমর্থক রুস্তম আলী এবং জামায়াতের সমর্থক ও সাবেক পৌর চেয়ারম্যান আশরাফুল ইসলাম।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম বলেন, মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দলীয় শৃঙ্খলার প্রতিফলন ঘটবে এই নির্বাচনে। বিশেষ করে মেয়র পদে একক প্রার্থী নিশ্চিত করা হবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু জানান, সর্বসম্মতিক্রমে তিনটি পৌরসভায় দলীয়ভাবে একক প্রার্থী দেওয়া হবে এবং এ ক্ষেত্রে যোগ্য প্রার্থীকেই মূল্যায়ন করা হবে।মহাজোটের শরিক দল জাসদের জেলা সভাপতি সাইফুল ইসলাম পিনু বলেন, আলমডাঙ্গায় প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। দর্শনা ও জীবননগরের প্রার্থীর বিষয়ে আলাপ-আলোচনা চলছে। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, শুধু আলমডাঙ্গা পৌরসভায় দলীয় প্রার্থী ঠিক করা হয়েছে। বাকি দুটি পৌরসভার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।