চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলের ৫ আসামির দোষ স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলায় কুষ্টিয়া সেক্টরের অধীন চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জন সদস্যর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে পাঁচজন তাঁদের দোষ স্বীকার করেছেন। আজ মঙ্গলবার সকাল আটটায় কুষ্টিয়া সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এ অভিযোগ গঠন করা হয়। আদালতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। এর আগে সকাল সাতটায় অভিযুক্ত ১৮ জনকে হাতকড়া পরিয়ে সেক্টর চত্বরে আনা হয়। আদালতের শুরুতে মামলার প্রসিকিউটর লে. কর্নেল সুলতান আহমেদ আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। এরপর তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতে আবেদন জানান। আদালতের সভাপতি আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং তাঁরা দোষী না-নির্দোষ তা জানতে চান। এ সময় পাঁচ আসামি নিজেদের দোষ স্বীকার করেন। পরে আদালতের সভাপতি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এখন আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে।আদালতে অন্যদের মধ্যে উপস্থিত আছেন মেজর মোহাম্মদ আশফাক হোসেন, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম প্রমুখ।