চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। শ্যালো ইঞ্জিনচালিত যান আলমসাধুর শ্রমিকেরা যাত্রীবাহী বাসের এক চালক ও সহকারীকে মারধর করায় জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আজ মঙ্গলবার দুপুর ১২টায় এই ধর্মঘটের ডাক দেয়। এর ফলে চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টায় চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে সদর উপজেলার ভালাইপুর মোড়ে কয়েকজন আলমসাধুর শ্রমিক সংগঠিত হয়ে ‘ভোরের আলো’ নামের একটি বাসের চালক আবদুল হাই ও সহকারী ফরিদ হোসেনকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁরা চুয়াডাঙ্গায় ফিরে ঘটনা জানালে সাধারণ শ্রমিকেরা ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। ক্ষুব্ধ শ্রমিকেরা চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে ও গাড়ি আড়াআড়ি করে রেখে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। এ সময় বাসস্ট্যান্ডের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এসে বিক্ষোভ করেন এবং অন্যান্য রুটেও বাস চলাচল বন্ধ করে দেন। দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডল শ্রমিক সমাবেশে বক্তব্য দেন। এরপর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেন। চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানান, দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছালেহ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।