ঠাকুরগাঁও-রংপুরে নতুন করে সংক্রমণ
চুয়াডাঙ্গায় অ্যানথ্রাক্স আক্রান্ত ছাগল জবাই, মাংস বিক্রির চেষ্টা
চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে গতকাল বুধবার অ্যানথ্রাক্সে আক্রান্ত ছাগলের মাংস বিক্রির চেষ্টার সময় মঈনুদ্দীন নামের এক বিক্রেতাকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে ঠাকুরগাঁও ও রংপুরে নতুন করে অ্যানথ্রাক্সের সংক্রমণ ঘটেছে। এ নিয়ে মোট ১৩টি জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।বিভিন্ন জেলায় আরও ২০ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাটের সদর উপজেলায় ছয়জন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ১১ জন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একজন ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দুজন অ্যানথ্রাক্স আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গা: জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর মোহাম্মদ আজিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সকাল সাড়ে নয়টায় স্থানীয় রেলবাজারে অভিযান চালান। সঙ্গে ছিলেন প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম ও পৌরসভার স্যানিটারি পরিদর্শক কামরুল ইসলাম। সেখানে অন্যান্য বিক্রেতার ছাগলের পাশাপাশি মঈনুদ্দীনের দোকানে থাকা তিনটি ছাগল পরীক্ষা করেন তাঁরা। এর মধ্যে অ্যানথ্রাক্স আক্রান্ত একটি ছাগল জবাই করতে বারণ করা হয়। কিন্তু মঈনুদ্দীন অ্যানথ্রাক্স আক্রান্ত ছাগলটিও জবাই করে বিক্রির প্রস্তুতি নেন। বাজারে নিযুক্ত পৌরসভার কর্মচারী রুস্তম আলীও মাংসের গায়ে সিল লাগিয়ে দেন। ভ্রাম্যমাণ আদালত সকাল সাড়ে নয়টায় মঈনুদ্দীনের দোকানে গিয়ে রোগাক্রান্ত ছাগলের খোঁজ করলে ঘটনা ফাঁস হয়ে যায়। এরপর ওই বিক্রেতাকে আটক এবং রোগাক্রান্ত ছাগলের মাংস উদ্ধার করে সদর থানায় আনা হয়। এরপর সেখানে বিক্রেতাকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত আক্রান্ত ছাগলের উদ্ধার করা মাংস, নাড়িভুঁড়ি, মাথা ও চামড়া ধ্বংস করেন। সেই সঙ্গে সব মাংস বিক্রেতাকে সতর্ক করে দেন।কেন আক্রান্ত ছাগলের মাংসে সিল দিলেন—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি পৌরসভার সিল মারার দায়িত্বে নিয়োজিত কর্মচারী রুস্তম আলী। তবে পৌর স্যানিটারি পরিদর্শক কামরুল ইসলাম জানান, রোগাক্রান্ত ছাগল জবাইয়ের বিষয়টি ওই কর্মচারীই আদালতকে জানিয়েছেন।লালমনিরহাট: সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আহসান আলী জানান, উপজেলার কিশামতহারাটি গ্রামে গত মঙ্গলবার বিকেলে একজন এবং গতকাল আরও পাঁচজনসহ মোট ছয়জন নতুন অ্যানথ্রাক্স রোগীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ওই গ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে। লালমনিরহাট জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার বলেন, আক্রান্তদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ওই গ্রামে ১০ দিনের বিশেষ স্বাস্থ্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অ্যানথ্রাক্স পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল দুপুরে জরুরি সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার। তিনি বলেন, প্রাণিসম্পদ বিভাগের দেওয়া সুস্থতার ছাড়পত্র ছাড়া কেউ কোনো পশু জবাই করতে বা কিনতে পারবেন না। জনগণকে সচেতন করতে মাইকিং শুরু করা হয়েছে। ঠাকুরগাঁও: বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল হামিদুর রহমান (৪০) নামের একজনকে অ্যানথ্রাক্স আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। ঠাকুরগাঁও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে উপজেলার ফুলতলা গ্রামের হামিদুর হাতের আঙুলে ঘায়ের চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। চিকিৎসক বদরুল হাসান পরীক্ষা-নিরীক্ষার পর হামিদুরকে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেন। চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য হামিদুরের ঘায়ের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। হামিদুর জানান, গত বৃহস্পতিবার স্থানীয় বাজার থেকে গরুর মাংস কিনে এনে খাওয়ার পর তাঁর হাতে ফোসকা দেখা দেয়। সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকেরা তাঁকে জানান। টাঙ্গাইল: জেলার গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি চিকিৎসক দল গতকাল উপজেলার বিলডগা ও বনমালী গ্রামে ১১ জন অ্যানথ্রাক্স রোগীকে শনাক্ত করে। জানা গেছে, বিলডগা গ্রামের হাশেম আলীর কেনা একটি গরু ১ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক জবাই করে এলাকাবাসী মাংস ভাগাভাগি করে নেয়। এই জবাই, মাংস ভাগ ও রান্নার কাজে অংশ নেওয়া ১১ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুস সামাদ সরকার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর জানান, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা ও এলাকার সব গবাদিপশুকে অ্যানথ্রাক্স প্রতিষেধক দেওয়া হচ্ছে।মানিকগঞ্জ: সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের চর আইরমারা গ্রামে গতকাল আরও দুজন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, অসুস্থ ছাগলের মাংস থেকে তাঁদের অ্যানথ্রাক্সের সংক্রমণ হয়েছে। জানা গেছে, গত ২২ আগস্ট একটি অসুস্থ ছাগল জবাই করে খেয়ে গ্রামটির পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুসেন আহম্মেদ, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ রবিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আইরমাড়া গ্রামে গিয়ে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীদের শনাক্ত করেন।রংপুর: রংপুর সদর উপজেলায় গতকাল অ্যানথ্রাক্স রোগে দুটি গরু মারা গেছে। উপজেলার তামপাট ইউনিয়নের হাওয়াইকার গ্রামে রোকেয়া বেগমের পরিবারে এ ঘটনা ঘটে। গরু দুটি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছিল বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসির খান। রংপুরে এই প্রথম অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে গরু মারা যাওয়ার ঘটনা ঘটল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসির খান জানান, উপজেলার এক লাখ গরুর মধ্যে মাত্র ৩০০ প্রতিষেধক পাওয়া গেছে।এদিকে অভিযোগ পাওয়া গেছে, বদরগঞ্জ উপজেলায় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গরু জবাই অব্যাহত রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘অ্যানথ্রাক্স রোগ শনাক্ত করার সরঞ্জাম উপজেলা পশুসম্পদ কার্যালয়ে নেই। কেউ জবাই করার আগে গরুর অ্যানথ্রাক্স পরীক্ষা করতে চাইলে, অনুমান করে বলে দেওয়া ছাড়া উপায় নেই।’ নাটোর: নাটোরের লালপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে একটি গরু মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের রহিমউদ্দিনের ছেলে জহুরুল ইসলামের গরুটি অসুস্থ হয়ে গত মঙ্গলবার রাতে মারা যায়। উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, গরুটি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে। সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল সকালে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা হয়েছে।