চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে আবার সংঘর্ষ: আহত ২৫, আটক ১১
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুপক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। র্যাব ও দাঙ্গা পুলিশ এ ঘটনায় ১১ জনকে আটক করেছে। রোববার আওয়ামী লীগ নেতা আবু তালেব ও ইউসুফ আলী মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জের ধরে আজ আবার এ ঘটনা ঘটল। আহতদের মধ্যে ১০ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকেরা জানিয়েছেন। বাকিরা দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিচ্ছেন। র্যাব ও দাঙ্গা পুলিশের একটি বিশেষ দল বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তল্লাশি চালিয়ে দামুড়হুদা এলাকার সাতজনকে আটক করে। এ সময় গোটা হাসপাতালে চিকিত্সাধীন রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া দামুড়হুদায় আরও চারজনকে আটক করা হয়েছে। আটক করা ব্যক্তিরা নিজেদের আওয়ামী লীগের কর্মী এবং নির্দোষ বলে দাবি করেছেন।সংঘর্ষের পর দামুড়হুদা খাঁপাড়া মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তাঁরা প্রস্তুত। উল্লেখ্য, রোববার রাতে দামুড়হুদা শহরের খাঁপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা আবু তালেব ও ইউসুফ আলী মেম্বারের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে চারজন পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়।