চুয়াডাঙ্গায় আন্তস্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু
চুয়াডাঙ্গায় ৩৯তম আন্তস্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলার চারটি উপজেলায় একাধিক স্থানে এই প্রতিযোগিতা চলছে। ২০ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা শহরের রাহেলা খাতুন গার্লস একাডেমিতে সদর উপজেলা পর্যায়ে বালিকা বিভাগের হ্যান্ডবল ও কাবাডির চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। হ্যান্ডবলে রাহেলা খাতুন গার্লস একাডেমি ৯-৩ গোলে আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে কাবাডি খেলায় রোমেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ১৬-৮ পয়েন্টে রাহেলা খাতুন গার্লস একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।২১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ে বালক বিভাগের হ্যান্ডবল ও কাবাডির চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। হ্যান্ডবল খেলায় নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ৪-২ গোলে চুয়াডাঙ্গা একাডেমি বহুমুখী বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং কাবাডি খেলায় তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় ৩০-১৬ পয়েন্টে বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।