চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনের সদস্য প্রার্থীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ মঙ্গলবার এককজন সদস্য পদপ্রার্থী নিহত হয়েছেন। তাঁর নাম মো. নজরুল ইসলাম (৪০)। তিনি ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও বর্তমান সদস্য ছিলেন।নিহতের স্ত্রী মিনি বেগম অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজগার আলীর সমর্থকেরা তাঁকে হত্যা করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট চলাকালে বেলা ১১টার দিকে সদস্য পদপ্রার্থী মো. নজরুল ইসলাম জয়রামপুর ইয়ুথ ক্লাব কেন্দ্রের সামনের রাস্তায় গেলে প্রতিদ্বন্দ্বী আজগার আলীর সমর্থকেরা নানাভাবে কটূক্তি করতে থাকেন। এই নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে আজগার আলীর সমর্থকেরা মো. নজরুল ইসলামকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনি মাটিতে পড়ে যান। এরপর সমর্থকেরা তাঁকে উপর্যুপরি লাথি কিলঘুষি মারে। আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার সময় নজরুল ইসলাম মারা যান।কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উজ্জ্বল কুমার প্রথম আলোকে জানান, কেন্দ্রের বাইরে ধাওয়া ও হামলার ঘটনাটি তাঁর জানা নেই। একজন সদস্য পদপ্রার্থী হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তিনি শুনেছেন।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, ইয়ুথ ক্লাব কেন্দ্রে হামলার ঘটনাটি তাঁর জানা নেই। নজরুল ইসলাম স্ট্রোক করে মারা গেছেন বলে তিনি শুনেছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।