চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে জবাই করে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শাহাদত হোসেন ওরফে জামাল (২৭) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, নিহত শাহাদত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য। তাঁর বাড়ি আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামে। পুলিশ জানায়, গতকাল রাত ১২টায় খবর পেয়ে লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের জমি থেকে শাহাদতের লাশ উদ্ধার করা হয়। এদিকে ঘটনার রাতেই আকাশ নামের জনৈক ব্যক্তি নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গায় ফোন দেন। তিনি এ হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন। অজ্ঞাত ওই ব্যক্তি দাবি করেন, শাহাদত ওরফে জামাল পার্টির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করায় দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে খতম করা হয়েছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, নিহত শাহাদত চিহ্নিত চরমপন্থী। তিনি চুয়াডাঙ্গা ও মেহেরপুরের গাংনী এলাকায় থেকে অপরাধমূলক কর্মকাণ্ড করতেন।