চুয়াডাঙ্গায় এবারও শীর্ষে ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শতবর্ষী ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষায় এবারও জেলার শীর্ষ অবস্থান দখল করেছে। একই সঙ্গে যশোর বোর্ডে সেরা বিশের তালিকায় ১৭তম স্থান পেয়েছে। এই বিদ্যালয় থেকে এবার ১৫১ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস এবং ৫৫ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জায়েদুর রহমান জানান, ২০০৮ সালে এই বিদ্যালয় যশোর বোর্ডের সেরা স্কুলের মর্যাদা লাভ করে। এ বছর প্রতিযোগিতা বেড়ে যাওয়ার পর যে ফলাফল হয়েছে সেটিও সন্তোষজনক। আগামীতে আরও ভালো করার চেষ্টা থাকবে। এই স্কুলের চিরপ্রতিদ্বন্দ্বী চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় তার আগের অবস্থান ধরে রেখেছে। এই বিদ্যালয়টি জেলায় দ্বিতীয় হয়েছে। এ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১১৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন জানান, পরীক্ষার সময় অসুস্থ থাকায় একজন ছাত্রী পাস করতে পারেনি। ওই মেয়েটি পাস করলে সার্বিক হিসাবে এই বিদ্যালয়টিও সেরা বিশে অবস্থান পেত। এ বছর বেসরকারি বিদ্যালয়গুলোও বেশ ভালো করেছে। সেরা দশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দর্শনা কেরু উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের ১০০ জনের মধ্যে পাস করেছে ৯৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পর্যায়ক্রমে চতুর্থ সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১২২ জনের মধ্যে পাস করেছে ১১৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। পঞ্চম তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ জনের সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে পাঁচজন, ষষ্ঠ নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ১০০ জনের মধ্যে পাস করেছে ৮২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ছয়জন। সপ্তম আলমডাঙ্গার আইলহাস-লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ জনের মধ্যে পাস করেছে ৩৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে নয়জন। অষ্টম আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৭৪ জনের মধ্যে পাস করেছে ১৩৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে নয়জন। নবম জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৩১ জনের মধ্যে পাস করেছে ৯৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। দশম জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮৬ জনের মধ্যে পাস করেছে ৬৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে সাতজন। মাদ্রাসাগুলোর সাফল্য: মাদ্রাসা শিক্ষা বোর্ডে খুলনা বিভাগে সেরা বিশে চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসা সপ্তম এবং জীবননগরের হাসাদহ ফাজিল মাদ্রাসা ১৬তম স্থান দখল করেছে।