চুয়াডাঙ্গায় কুল খেয়ে অজ্ঞান, ১০ শিক্ষার্থী হাসপাতালে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের ওই ১০ শিক্ষার্থী কুল খাওয়ার পর প্রথমে বমি ও পরে একে একে অজ্ঞান হয়ে পড়লে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করান।স্কুল কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে স্কুলটিতে ছুটি ঘোষণা করে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য বিভাগের উচ্চপর্যায়ের দল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিত্সাধীন অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। পরিদর্শন শেষে কর্মকর্তারা আতঙ্কিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের মেঝেতে অসুস্থ শিক্ষার্থীদের পাশাপাশি রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে।শিক্ষার্থী কেয়া খাতুন জানায়, তার নানার বাড়ি থেকে আনা কুল সে নিজে খেয়েছে এবং বাকিদের খেতে দেয়। কেয়াসহ যারা কুল খেয়েছে, সবাই একপর্যায়ে বমি করতে থাকে এবং অজ্ঞান হয়ে পড়ে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি চিকিত্সক ওয়াহিদ হাকিম জানান, নিপান ভাইরাসের কোনো লক্ষণ তাদের মধ্যে পাওয়া যায়নি। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আলী হোসেন জানান, ভর্তি হওয়া ১০ জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।