চুয়াডাঙ্গায় কৃমিনাশক ওষুধ খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ
কৃমিনাশক অ্যালবেন্ডেজল বড়ি খেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১৬ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলে ভাঙচুর চালান। হামলায় মোকতার আলী নামের এক শিক্ষক আহত হন।জেলার সিভিল সার্জন কামরুল হুদা বলেন, খালি পেটে ওষুধ খাওয়ার কারণে এ সমস্যা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয়ের শিক্ষকেরা কৃমি দিবসের দুই দিন আগে আজ ওই বড়ি খাওয়ান। খাওয়ানোর এক ঘণ্টা পর একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষিকা ফারজানা নাছিম জানান, বিদ্যালয়ের ৩৫০ শিক্ষার্থীকে ওই ট্যাবলেট খাওয়ানো হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আগামী ২ মে থেকে ৮ মে জাতীয় কৃমি সপ্তাহ উদযাপনের নির্ধারিত দিন রয়েছে।