চুয়াডাঙ্গায় কৃষিপ্রযুক্তি দেখার নামে যা ঘটল...
চুয়াডাঙ্গায় কৃষিপ্রযুক্তির ব্যবহার দেখার নামে রোড শো করলেন কৃষি বিভাগের কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল) বজলুল হক মিয়া সেচ ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তিনির্ভর (এডব্লিউডি) ধানের খেত সরেজমিন পরিদর্শনের জন্য ৬ মার্চ চুয়াডাঙ্গায় আসেন। তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি উপজেলার ধানখেত গাড়িতে চড়ে ঘুরে দেখেন এবং আলমডাঙ্গায় কৃষকদের কর্মশালায় যোগ দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার কম খরচে বেশি ধান উত্পাদনের লক্ষ্যে এডব্লিউডি প্রযুক্তি বা ধানখেত পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো পদ্ধতি নামে নতুন সেচ ব্যবস্থাপনা চালু করেছে।৫ মার্চ সদর উপজেলার নূরনগর গ্রামে দেখা যায়, শাহজামাল মিয়া ও নাজমুল হক নামের দুজন উপসহকারী কৃষি কর্মকর্তা বাঁশ কেটে তার বেঁধে ‘টি’ বানানোর কাজে ব্যস্ত রয়েছেন। অন্যান্য এলাকায় গিয়েও উপসহকারী কৃষি কর্মকর্তাদের কর্মব্যস্ত দেখা যায়। এসব কর্মকর্তা প্রধান সড়কের দুই ধারে বিশেষ করে অতিরিক্ত পরিচালক যেসব পথে যাবেন সেসব পথের ধারের ধানখেতে এডব্লিউডি লেখা সাইনবোর্ড স্থাপন এবং বাঁশ কেটে ‘টি’ বানিয়ে ধানখেতে পুঁততে থাকেন। তবে গ্রামের ভেতর অবস্থিত ধানখেতগুলোয় এ ধরনের প্রযুক্তি চোখে পড়েনি।এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উত্পাদন বিশেষজ্ঞ আবু বকর সিদ্দিক জানান, নতুন এই প্রযুক্তি এখনো জেলাব্যাপী শতভাগ বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হবে।৬ মার্চ সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলার প্রবেশদ্বার বদরগঞ্জ বাজার দিয়ে অতিরিক্ত পরিচালক প্রবেশ করলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার উপপরিচালক ফিরোজুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তারা তাঁকে রাজনৈতিক নেতাদের মতো অভ্যর্থনা জানান। এরপর গাড়িবহর নিয়ে চুয়াডাঙ্গার পথে রওনা দেন। চুয়াডাঙ্গায় আসার পথে পথসভার আদলে আলিয়ারপুর ও সরোজগঞ্জ বাজারে দুটি কৃষক সমাবেশে নতুন প্রযুক্তি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর চুয়াডাঙ্গা উপপরিচালকের কার্যালয়ে এসে আপ্যায়ন শেষে আলমডাঙ্গা উপজেলার পথে রওনা হন। আলমডাঙ্গা উপজেলার প্রবেশমুখ কমলাপুর পিটিআইয়ের সামনে গাড়িবহর নিয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। আলমডাঙ্গায় কৃষি সম্প্রসারণের আয়োজনে কৃষকদের এক প্রশিক্ষণে অতিরিক্ত পরিচালক নতুন প্রযুক্তি নিয়ে বক্তব্য দেন। এরপর পর্যায়ক্রমে দামুড়হুদা ও জীবননগর উপজেলা সফর করেন এবং রাস্তার দুই ধারের ধানখেতে এডব্লিউডি প্রযুক্তি পর্যবেক্ষণ করেন। ওই উপজেলাগুলোয় একইভাবে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।