চুয়াডাঙ্গায় খাদ্যশস্য সংগ্রহ অভিযান ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুটি সংগ্রহ মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ধান, চাল ও গম ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় অভ্যন্তরীণ খাদ্য মজুদের পরিমাণ আশঙ্কাজনকভাবে নেমে এসেছে। আবার প্রতিকূল আবহাওয়ার কারণে আমনের উৎপাদন ব্যাহত হওয়ায় আগামী আমন সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ারও আশঙ্কা রয়েছে। চলতি বছরের ১ মে দেশব্যাপী অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়। চার মাসব্যাপী এই সংগ্রহ অভিযান গত ৩১ আগস্ট শেষ হয়। জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, এবার বোরো মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় মোট সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল—ধান এক হাজার ৩১৩ মেট্রিক টন ও চাল ছয় হাজার ৪৮৪ মেট্রিক টন। ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি ১৭ এবং চালের প্রতি কেজি মূল্য ২৫ টাকা নির্ধারণ করা হয়। সারা দেশে চাল সংগ্রহের পরিমাণ হতাশাজনক পর্যায়ে পৌঁছানোর কারণে পরবর্তী সময় প্রতি কেজি চালে উৎস মূল্য তিন টাকা হারে বৃদ্ধি করা হলেও তাতে শর্ত জুড়ে দেওয়ায় জেলার চালকল মালিকেরা সে সুবিধা থেকে বঞ্চিত হন। কর্মকর্তারা জানান, খাদ্যসংগ্রহ অভিযানকালে জেলার দুই শতাধিক চালকল মালিকের মধ্যে মাত্র ৩৮ জন ৬১৪ দশমিক ২৯৫ মেট্রিক টন চাল সরকারের কাছে বিক্রির জন্য চুক্তিবদ্ধ হন। কিন্তু ৩১ আগস্ট পর্যন্ত তাঁরা ৪৮০ দশমিক ১৬৫ মেট্রিক টন চাল খাদ্য বিভাগের কাছে বিক্রি করেন। পাশাপাশি কৃষকেরা মাত্র ৮২ দশমিক ৪৬০ মেট্রিক টন ধান বিক্রি করে। সে হিসেবে লক্ষ্যমাত্রার মাত্র ৬ দশমিক ২৫ ভাগ ধান এবং ৭ দশমিক ৪০ ভাগ চাল সংগৃহীত হয়। এ অবস্থায় চুক্তিবদ্ধ চালকল মালিকদের আরও এক মাস সময় দেয়া হয়। এক মাস সময় বৃদ্ধির ফলে চুক্তিবদ্ধ চালকল মালিকেরা নতুন করে ৫৪ দশমিক ৮৩৫ মেট্রিক টন চাল সরবরাহ করেন। সব মিলিয়ে চালের সংগ্রহ দাঁড়ায় ৫৩৫ মেট্রিক টনে। এদিকে চুক্তিবদ্ধ না হওয়া দুই শতাধিক মালিককে কেন তাঁদের লাইসেন্স স্থগিত করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলা হয়। চালকলের মালিকেরা জবাবও দেন। জেলা অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ভোলানাথ দে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে গত ৩০ আগস্ট মিলের মালিকদের নামে ওই নোটিশ পাঠান। এরপর এ পর্যন্ত নোটিশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত আমন সংগ্রহ মৌসুমে সারা জেলায় এক হাজার ২০২ মেট্রিক টন ধান এবং এক হাজার ৬৫০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হলেও কৃষকেরা খাদ্য বিভাগের কাছে এক গ্রাম ধানও বিক্রি করেননি। টোকেন হিসেবে পাওয়া যায় মাত্র ৩৩ টন চাল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার খাদ্য বিভাগের ২০ গুদামের মোট ধারণক্ষমতা ১০ হাজার ২০০ মেট্রিক টন। তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে ২০০৮ সালে সব মিলিয়ে ১৬ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল। সেখানে সর্বশেষ গত ১৪ অক্টোবর জেলার সব গুদামে ধান, চাল ও গম মিলে মজুদ আছে তিন হাজার ৪০৬ মেট্রিক টন। এর মধ্যে দুই হাজার ৪০০ মেট্রিক টন চাল, ৭৬ মেট্রিক টন ধান এবং ৯৩০ মেট্রিক টন গম মজুদ আছে। সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ায় জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. রফিজ উদ্দিন জানান, খাদ্য বিভাগের কর্মকর্তা ও প্রশাসনিকভাবে অনেক চেষ্টা করেও আশানুরূপ লাভ হয়নি।এ ব্যাপারে জেলা চালকল মালিক সমিতির সভাপতি শেখ মো. আবদুল্লাহ বলেন, ‘সারা জেলায় ২৪৫ জন চালকল মালিকের মধ্যে আমিসহ ৩৮ জন চুক্তিবদ্ধ হয়েছি। বাজারমূল্যের তুলনায় সরকারের সংগ্রহমূল্য কম হওয়ায় শখ করে কেউ লোকসান দিতে চাননি।’