চুয়াডাঙ্গায় গণপিটুনিতে জনযুদ্ধের শীর্ষস্থানীয় ক্যাডার নিহত
চুয়াডাঙ্গায় গণপিটুনীতে ঠাণ্ডু রহমান (৩০) নামে জনযুদ্ধের শীর্ষস্থানীয় এক ক্যাডার নিহত হয়েছেন।আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ঠাণ্ডু পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী এবং বেআইনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) শীর্ষস্থানীয় ক্যাডার। ঠাণ্ডু আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।পুলিশ জানায়, সন্ত্রাসী ঠাণ্ডুসহ জনযুদ্ধের চার ক্যাডার আজ সন্ধ্যায় চাঁদপুর গ্রামের আবু তালেবের কাছে পূর্বনির্ধারিত চাঁদার এক লাখ টাকা আদায়ের জন্য আসেন। এ সময় গ্রামবাসীরা তাঁকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত আটটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে।চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, নিহত ঠাণ্ডু জেলা গোয়েন্দা শাখার তালিকাভুক্ত ৩ নম্বর সন্ত্রাসী। তাঁর নামে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় অপহরণ ও চাঁদাবাজির দুটি মামলা ও বিভিন্ন অভিযোগে অন্তত পাঁচটি সাধারণ ডায়েরি রয়েছে।