চুয়াডাঙ্গায় গণপিটুনিতে নিহত ২
চুয়াডাঙ্গায় এক বাড়িতে ডাকাতির সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত ও একজন আহত হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ওই বাড়ির গৃহকর্তা ও তাঁর ভাই। আজ মঙ্গলবার ভোরে জেলার জীবননগর পৌর এলাকার বাঁকা আঁশতলা গ্রামের মিলন বিশ্বাসের বাড়িতে ডাকাতির সময় এ ঘটনা ঘটে।নিহত ডাকাতেরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার কাকমারী গ্রামের আনোয়ারুল ইসলাম ওরফে ভুলু (৩৫) ও মাগুরার নয়ন (২৭)। আহত তিনজন হলেন গৃহকর্তা মিলন বিশ্বাস (২৭) ও তাঁর বড় ভাই হায়দার আলী (৩৫) এবং ডাকাত আঁশতলা গ্রামের আফাজউদ্দিন (৩৫)।মিলন বিশ্বাসের আরেক ভাই রিপন হোসেনের ভাষ্যমতে, আজ ভোররাতে একদল ডাকাত মিলনের বাড়ির দরজা ভেঙে ডাকাতি শুরু করে। বিষয়টি টের পেয়ে আরেক ভাই হায়দার আলী ডাকাত আফাজউদ্দিনকে জাপটে ধরে চিত্কার দেন। এ সময় অন্য দুই ডাকাত তাঁদের সঙ্গীকে ছাড়িয়ে নিতে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মারলে মিলন বিশ্বাস ও হায়দার আলী আহত হন। হইচই শুনে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদলের সদস্যদের গণপিটুনি দিলে তিন ডাকাত গুরুতর আহত হন।খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আহত দুজন ও ডাকাতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে দুই ডাকাতের মৃত্যু হয়।জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) গাজী আবদুর রহমান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তা দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসানুজ্জামান জানান, হাসপাতালে আনার পর নয়নকে মৃত পাওয়া গেছে। পর আনোয়ারুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর ডাকাত আফাজউদ্দিন বর্তমানে চিকিত্সাধীন। আহত অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।