চুয়াডাঙ্গায় ছয়টি আদালতে বিচারক নেই বিচারপ্রার্থীদের দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বিচারক-সংকটের কারণে মামলাজট বেড়েই চলেছে। জেলা ও দায়রা জজ আদালতের নয়জন বিচারকের মধ্যে চারটি এবং মুখ্য বিচারিক হাকিমের পদ শূন্য রয়েছে। এ ছাড়া দামুড়হুদা সহকারী জজ আদালতের বিচারক ২০০০ সালে বরখাস্ত হওয়ার পর বিষয়টি দীর্ঘদিনেও নিষ্পত্তি না হওয়ায় ওই পদে কোনো বিচারক দেওয়া হয়নি। এসব কারণে বিচারকার্য পরিচালনা করতে গিয়ে বর্তমান বিচারকদের হিমশিম খেতে হচ্ছে। সেই সঙ্গে মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন না থাকায় বিচারসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।আদালতের শূন্য পদে বিচারক এবং মুখ্য বিচারিক আদালত ভবন চেয়ে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী চুয়াডাঙ্গা শাখা গত ২৪ জানুয়ারি প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে জানিয়েছে। লিখিত ওই পত্রে দাবি করা হয়েছে, বর্তমানে চুয়াডাঙ্গা ফৌজদারি ও দেওয়ানি আদালতে বিচারাধীন মামলার সংখ্যা নয় হাজারেরও বেশি। একটি মামলা আদালতে ওঠার পর পরবর্তী তিন থেকে চার মাস পর ধার্য দিন রাখা হয়। এতে বিচারপ্রার্থীরা ধৈর্যহারা হয়ে পড়েছেন।আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১১ সেপ্টেম্বর দামুড়হুদার সহকারী জজ আদালতের বিচারক সন্তোষ কুমার সাহাকে বিভিন্ন অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। দীর্ঘ ১০ বছরেও বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় ওই পদটিকে শূন্য দেখানো যায়নি। একই কারণে এই আদালতে নতুন করে কোনো বিচারকও দেওয়া হয়নি। ফলে ১০ বছর ধরে অন্য আদালতের বিচারকেরা অতিরিক্ত এই আদালতের কার্যক্রম চালিয়ে আসছেন। বর্তমানে জীবননগর আদালতের সহকারী জজ শাজাহান আলী নিজ আদালতের পাশাপাশি দামুড়হুদা আদালতের বিচারকার্য সম্পাদন করছেন। তিনিও চুয়াডাঙ্গা থেকে বদলি হয়ে যাচ্ছেন। আলমডাঙ্গা সহকারী জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গত বছরের নভেম্বরে বদলি হয়েছেন ফরিদপুরের ভাঙ্গায়। সেই থেকে এই আদালতও বিচারকশূন্য। চুয়াডাঙ্গা সদর সহকারী জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম নিজ আদালতের পাশাপাশি আলমডাঙ্গা আদালতের বিচারকার্জ সম্পাদন করছেন। এ ছাড়া চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও সহাকারী দায়রা জজ-২-এর বিচারক সি এম আলীম আল রাজী গত বছরের ২ জানুয়ারি বদলিজনিত কারণে চুয়াডাঙ্গা ত্যাগ করেন। এক বছর ধরে পদটি শূন্য রয়েছে। এর আগে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোতাহার হোসেন গাজীপুরে বদলি হয়ে চুয়াডাঙ্গা ত্যাগ করেন। বদলির আগে তাঁর শেষ কর্মদিবস ছিল ২০০৮ সালের ৩০ নভেম্বর। বদলির দিন পর্যন্ত তিনি ছুটি কাটান। বিচারক মোতাহার হোসেন বদলির পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মঞ্জুরুল হক খান নিজের আদালতের পাশাপাশি বাড়তি দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু গত বছরের ২৬ মে বিচারক মঞ্জুরুল হক খান সিলেটে বদলি হয়ে যান। এ রকম পরিস্থিতিতে যুগ্ম জেলা ও সহকারী দায়রা জজ-১ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা নিজের আদালতের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আরও তিনটি আদালতের দায়িত্ব পালন করছেন। এই বিচারককে একাধারে যুগ্ম জেলা ও সহকারী দায়রা জজ আদালত—১ ও ২ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ ও ২ সামলাতে হচ্ছে। এই চারটি আদালতে বর্তমান বিচারাধীন মামলার সংখ্যা প্রায় দুই হাজার। চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম কে এম শহীদ আহম্মেদ হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে বদলি হয়ে গত বছরের ৮ আগস্ট চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এ হামিদ বর্তমানে নিজের আদালতের পাশাপাশি এই আদালতের দায়িত্ব পালন করছেন। ওই আদালতে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় এক হাজার। মুখ্য বিচারিক হাকিম বদলি হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দ্রুত বিচার আইনের মামলার আসামিরা।জেলা হিউম্যান রাইটস মনিটরিং সেলের সম্পাদক আশরাফুল ইসলাম উল্লিখিত সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিচারক-সংকটের কারণে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ আলাদা হওয়ার আসল উদ্দেশ্য দারুণভাবে ব্যাহত হচ্ছে। দিনের পর দিন গরিব ও নিরীহ বিচারপ্রার্থীদের ভিটেমাটি, হালের বলদ পর্যন্ত বিক্রি করে মামলার খরচ চালাতে হচ্ছে। সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি চিফ জুডিশিয়াল আদালত ভবন না হওয়ায় আদালতের কক্ষসংকট ও আইনজীবীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’