চুয়াডাঙ্গায় জোড়া খুনের কথা স্বীকার করলেন জনযুদ্ধের নেতা
গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার শাহীন ওরফে রাজু (৩০) এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তিনি নিজেকে জনযুদ্ধের আঞ্চলিক নেতা হিসেবে পরিচয় দিয়ে খুনের কথা স্বীকার করেন। পুলিশ গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করে।শাহীন সাংবাদিক ও পুলিশকে জানান, তাঁর বড় ভাই শাবান জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার ছিলেন। চলতি বছরের শুরুতে তিনি খুন হন। খুনের পর দলের নেতৃত্ব চলে যায় নাজমুলের হাতে। নাজমুল নেতা হওয়ার পর এলাকা থেকে আদায় করা চাঁদার অর্থ একাই ভোগ করতে থাকেন। একপর্যায়ে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টাও করেন। এ অবস্থায় গত ২৬ মার্চ নাজমুল ও তাঁর সঙ্গী মজিবরকে আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর মাঠে খুন করা হয়। শাহীন নিজে এই খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে শাহীন আরও স্বীকার করেন, ওই হত্যাকাণ্ডের পর থেকেই তিনি জনযুদ্ধের নেতৃত্বে আছেন। শাহীন আরও জানান, চুয়াডাঙ্গায় এখন জনযুদ্ধের সক্রিয় সদস্যের সংখ্যা ২৩। এর মধ্যে বেশ কয়েকজন নারী সদস্যও আছেন।