চুয়াডাঙ্গায় দুই শরও বেশি চালকল মালিককে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে। গত মঙ্গলবার সংগ্রহ অভিযানের শেষ দিন পর্যন্ত লক্ষ্যমাত্রার মাত্র সোয়া ৬ ভাগ ধান ও ৭ দশমিক ৪ ভাগ চাল সংগৃহীত হয়েছে। সরকারের ঘোষিত সময়সীমার মধ্যে চাল সরবরাহে চুক্তিবদ্ধ না হওয়ায় দুই শতাধিক চালকল-মালিককে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।চলতি বছরের ১ মে থেকে দেশব্যাপী অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়। জেলা খাদ্য কার্যালয় সূত্রে জানা গেছে, এবার বোরো মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় এক হাজার ৩১৩ মেট্রিক টন ধান ও ছয় হাজার ৪৮৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। মূল্য নির্ধারণ করা হয় প্রতি কেজি ধান ১৭ ও চাল ২৫ টাকা। সারা দেশে চাল সংগ্রহের পরিমাণ হতাশাজনক হওয়ায় প্রতি কেজি চালের দাম পরে তিন টাকা বাড়ানো হলেও সংগ্রহ লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, সংগ্রহ অভিযানের সময় জেলার দুই শতাধিক চালকল-মালিকের মধ্যে মাত্র ৩৮ জন ৬১৪ দশমিক ২৯৫ মেট্রিক টন চাল সরকারের কাছে বিক্রির জন্য চুক্তিবদ্ধ হন। উপজেলাভিত্তিক হিসাবে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৮ জন চালকল-মালিক ২২১ দশমিক ২৫৫ মেট্রিক টন, দামুড়হুদায় মাত্র তিনজন চালকল-মালিক ৪৯ দশমিক ৭২৫ মেট্রিক টন, জীবননগরে ১০ জন চালকল-মালিক ১৮২ দশমিক ৪৯৫ মেট্রিক টন ও আলমডাঙ্গায় সাতজন চালকল-মালিক ১৬০ দশমিক ৮২০ মেট্রিক টন চাল খাদ্য বিভাগকে দিতে চুক্তিবদ্ধ হলেও শেষ পর্যন্ত তাঁরা কথা রাখেননি। সর্বশেষ হিসাব অনুযায়ী জেলার চারটি উপজেলায় সব মিলিয়ে ৮২ দশমিক ৪৬০ মেট্রিক টন ধান এবং ৪৮০ দশমিক ১৬৫ মেট্রিক টন চাল সংগৃহীত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূলত বাজারদরের চেয়ে সরকার-নির্ধারিত মূল্য কম হওয়ায় কৃষক পর্যায়ে যেমন ধান সংগ্রহ সম্ভব হয়নি, তেমনি চালকল-মালিকরাও লোকসান গুনতে আগ্রহ দেখাননি।বিগত কয়েকটি মৌসুমেই চুয়াডাঙ্গা জেলায় ধান, চাল ও গম সংগ্রহ লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি। অন্যদিকে সরকারের কাবিখা, টিআর, জিআর, ভিজিএফ, ওএমএস এবং ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে চাল বিক্রির কারণে জেলার সরকারি গুদামগুলো থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য বিশেষ করে চাল বরাদ্দ দিতে হয়েছে। এতে জেলায় খাদ্য মজুদের পরিমাণও আশঙ্কাজনক পরিমাণে নেমে এসেছে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলা খাদ্য বিভাগের ২০টি গুদামের মোট ধারণক্ষমতা ১০ হাজার ২০০ মেট্রিক টন। এর বিপরীতে সেখানে সর্বশেষ গত ২৫ আগস্ট পর্যন্ত মজুদ ছিল মাত্র তিন হাজার ৫০১ দশমিক ৮৩৩ মেট্রিক টন। এর মধ্যে চাল দুই হাজার ৩৯৫ দশমিক ৫০০, ধান ৮২ দশমিক ৪০০ ও গম এক হাজার ২৩ দশমিক ৯৩৩ মেট্রিক টন।সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়া প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রফিজ উদ্দিন জানান, খাদ্য বিভাগের কর্মকর্তারা ও প্রশাসনিকভাবে অনেক চেষ্টা করলেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।এদিকে চাল সরবরাহে চুক্তিবদ্ধ না হওয়ায় ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে পাঠানো নোটিশে কেন চালকল-মালিকদের লাইসেন্স স্থগিত করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। জেলা অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ভোলানাথ দে গত ৩০ আগস্ট চালকল-মালিকদের নামে ওই নোটিশ পাঠান। তবে গতকাল বুধবার পর্যন্ত নোটিশ চালকল-মালিকদের হাতে পৌঁছেনি বলে জানা গেছে। কর্মকর্তারা জানান, নোটিশ হাতে পাওয়ার পর ৪৮ ঘণ্টার সময়সীমা শুরু হবে।এ ব্যাপারে জেলা চালকল-মালিক সমিতির সভাপতি শেখ মো. আবদুল্লাহ বলেন, ‘সারা জেলায় ২৪৫ জন চালকল-মালিকের মধ্যে আমিসহ মাত্র ৩৮ জন চুক্তিবদ্ধ হয়েছি। মৌসুম শেষে জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন, তা দুই মাস আগে নিলে অনেক কাজে আসত।’