চুয়াডাঙ্গায় পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজলপুর মাঠ থেকে গতকাল রোববার রাতে রবিউল ইসলাম ওরফে রবি ওরফে বিল্লাল (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, রবিউলের বিরুদ্ধে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর গাড়িতে ডাকাতি চেষ্টাসহ অন্তত আটটি মামলা আছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য ও কয়েকটি মামলার পলাতক আসামি। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার রামকল বাহাদুরপুর গ্রামে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, চুয়াডাঙ্গার উজলপুর মাঠে অস্ত্রধারীরা গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালায়। অন্যরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়ে রবিউল। তাঁর কাছ থেকে একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়। ওসি দাবি করেন, রবিউল বেশ কিছুদিন ধরে নিজ জেলা ছেড়ে চুয়াডাঙ্গায় অবস্থান করছিলেন। রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেন জানান, ২০১০ সালের জুন মাসে পাংশা চন্দ্রানি ব্রিজের কাছে রবিউলের নেতৃত্বে জাসদ নেতা হাসানুল হক ইনুর গাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছিল। তাঁর বিরুদ্ধে রাজবাড়ীর পাংশা থানায় ও কুষ্টিয়ার খোকসা থানায় আটটি মামলা আছে। এর মধ্যে চারটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।