চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত, আহত ৬ পুলিশ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামের খালের মাঠে গতকাল শনিবার রাতে পুলিশের সঙ্গে এক ‘বন্দুকযুদ্ধে’ ফেরদৌস আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও একটি গুলি উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধে ছয়জন পুলিশ সদস্য আহত হন। পুলিশের দাবি, নিহত ফেরদৌস পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল, জনযুদ্ধ) একজন সক্রিয় সদস্য। তিনি দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের ইয়াসিন আলীর ছেলে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, গতকাল রাত আড়াইটার দিকে পুলিশের একটি বিশেষ দল একটি পিকআপে করে টহলে বের হয়। টহল দলটি কালিয়াবকরী গ্রামের খালের মাঠে একদল লোক দেখতে পায়। এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে ও পরে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় ছয়জন পুলিশ সদস্য এবং অপরপক্ষের ফেরদৌস নামের এক ব্যক্তি আহত হন। আহত ফেরদৌসকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের উপপরিদর্শক দাউদ হোসেন, সহ-উপপরিদর্শক শামীম হোসেন, সহ-উপপরিদর্শক নিয়াজ মোর্শেদ এবং কনস্টেবল সুফিয়ান, আল মাসুদ ও শাহাদত হোসেন। তাদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।চুয়াডাঙ্গার জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, নিহত ফেরদৌসের বিরুদ্ধে একটি হত্যামামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।