চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত চরমপন্থী নিহত
চুয়াডাঙ্গার সদর উপজেলার নেহালপুরে গতকাল সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে এক ‘বন্দুকযুদ্ধে’ আসাদুল হক (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিনটি গুলি উদ্ধার করে। পুলিশ জানায়, ওই ‘বন্দুকযুদ্ধে’ খালিদ হোসেন নামে পুলিশের এক উপপরিদর্শক আহত হন। পুলিশের দাবি, নিহত আসাদুল হক ছিলেন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা। তাঁর বাড়ি সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে।পুলিশ জানায়, নেহালপুর গ্রামের একটি পাটখেতে চরমপন্থীরা বৈঠক করছে—এ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত তিনটার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশগ্রহণকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে একটি লাশ পড়ে থাকতে দেখে। লাশটি তালিকাভুক্ত শীর্ষ চরমপন্থী নেতা আসাদুল হকের বলে পুলিশের এক উপপরিদর্শক শনাক্ত করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, নিহত আসাদুল হকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তিনি আরও জানান, আহত পুলিশ কর্মকর্তা খালিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।