চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এবার মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। উপজেলার বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান ছাত্রলীগের দুই কর্মীকে সঙ্গে নিয়ে গত শনিবার হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানকে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ওই শিক্ষককে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।আহত প্রধান শিক্ষক সাইদুর রহমান অভিযোগ করেন, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, আওয়ামী লীগের নেতা আবদুর রহমান সম্প্রতি বিদ্যালয়ে নিয়োগ পাওয়া শরীরচর্চা শিক্ষক জিয়াউর রহমানকে অপসারণের জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। এই অনৈতিক দাবি না মানায় তাঁর (সাইদুর) ওপর ক্ষুব্ধ ছিলেন আবদুর রহমান। এ ছাড়া জীবননগর উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে একটি প্যানেলের পক্ষে কাজ করার অভিযোগ তুলে তাঁকে বেধড়ক পেটানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রধান শিক্ষক সাইদুর রহমান মোটরসাইকেলযোগে নিজ গ্রাম মারুফদহ থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন। হাসাদহ বাজারে পৌঁছালে ওই শিক্ষকের পথ রোধ করেন আবদুর রহমান ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত বাবু হোসেন ও দবির উদ্দিন। তাঁরা শিক্ষকের কাছে জানতে চান, তিনি কেন রায়পুর বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রতিপক্ষ প্যানেলের হয়ে কাজ করছেন। এ সময় শিক্ষক সাইদুরের চোখ থেকে চশমা খুলে নিয়ে রাস্তায় আছড়ে ভেঙে ফেলা হয়। এরপর শার্টের কলার ধরে মোটরসাইকেল থেকে তাঁকে নামিয়ে প্রথমে কিল, ঘুষি ও পরে কাঠের বাটাম দিয়ে বেধড়ক পেটানো হয়। স্থানীয় লোকজন আহত শিক্ষক সাইদুরকে উদ্ধার করে চিকিত্সার ব্যবস্থা করেন।চিকিত্সকেরা জানান, শিক্ষক সাইদুর রহমানের ডান পায়ের একটি আঙুল ফেটে গেছে।শিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ অস্বীকার করে আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্কুলে শরীরচর্চা শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে তর্ক-বিতর্কের সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে।’জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরুল আলম জানান, এ ব্যাপারে গতকাল দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।আহত শিক্ষক সাইদুর রহমান জানান, এ ব্যাপারে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ সোলায়মান হক জোয়ার্দারের কাছে লিখিত অভিযোগ করেছেন।উল্লেখ্য, এর আগে ৩ মার্চ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম চাঁদাবাজ-সন্ত্রাসীদের হাতে এবং ৬ মার্চ জীবননগর উপজেলার উথলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে প্রহূত হন বলে অভিযোগ পাওয়া যায়।